আর নয় প্রিমিয়ার ! টলিউডের ‘স্পষ্টবক্তা’ স্বস্তিকার বড় সিদ্ধান্ত, কেন এমন সিদ্ধান্ত নিলেন?

টলিউডে যারা মুখের উপর সত্যি কথা বলতে ভয় পান না, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। বিতর্ক বা ট্রোলিংকে তিনি বরাবরই পাত্তা দেন না, নিজের শর্তে বাঁচেন। এমন স্পষ্টবাদী ও স্বাধীনচেতা অভিনেত্রী এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তাঁর আগামী ছবি ‘দুর্গাপুর জংশন’-এর মুক্তির আগেই সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, এখন থেকে তিনি নিজের বা অন্য কারোর ছবির কোনো প্রিমিয়ারে আর অংশ নেবেন না।

কেন এমন সিদ্ধান্ত নিলেন, তার বিস্তারিত ব্যাখ্যাও তিনি নিজের দীর্ঘ পোস্টে দিয়েছেন। স্বস্তিকার মতে, কোনও ছবির সাফল্য বা দর্শকপ্রিয়তা প্রিমিয়ারের জমায়েত, খবরের কাগজের রিপোর্ট বা সোশ্যাল মিডিয়ার রিলস দেখে নির্ধারিত হয় না। দর্শকরা মূলত ছবির টিজার, ট্রেলার, পোস্টার বা কলাকুশলীদের কাজের প্রতি আগ্রহ দেখেই সিনেমা দেখার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, ছবির প্রচার যথেষ্ট হয় মানুষকে জানানোর জন্য যে একটি নতুন কাজ আসছে।

তবে স্বস্তিকার ক্ষোভের মূল জায়গা অন্যত্র। তিনি অভিযোগ করেছেন যে, বেশিরভাগ প্রিমিয়ার এখন কেবলই ‘দেখনদারি’তে পরিণত হয়েছে এবং সেখানে ছবির নেপথ্যের আসল কারিগরদের প্রাপ্য সম্মানটুকুও দেওয়া হয় না। যারা সেটে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেন – প্রোডাকশন বয়, স্পট বয়, পোশাক ইস্তিরি করা কর্মী বা অন্যান্য টেকনিশিয়ান – অনেক সময় তাঁদের অনেককেই আমন্ত্রণ জানানো হয় না। তাঁর কাছে, সেটে যারা জল-খাবার এগিয়ে দেন বা দরকারের সময় দৌড়ে জিনিস এনে দেন, সেই প্রোডাকশন টিমের সদস্যদের আমন্ত্রণ জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ হিসেবে তাঁর বাবার সঙ্গে দেখা বিশেষ স্ক্রিনিংগুলোর কথা উল্লেখ করেছেন, যেখানে পরিচালক থেকে শুরু করে সমস্ত ছোট-বড় কলাকুশলীকেই আমন্ত্রণ জানানো হতো। এই ‘দেখনদারি’র সংস্কৃতির সঙ্গে তিনি আর মানিয়ে নিতে পারছেন না বলেই জানান।

প্রিমিয়ারের পরিবেশ নিয়েও চরম বিরক্তি প্রকাশ করেছেন স্বস্তিকা। তিনি বলেন, আজকাল সবার হাতে ফোন, আর কে আসল সাংবাদিক আর কে ব্লগার বা ইনফ্লুয়েন্সার, তা বোঝা দায়। সকলের হাতে মোবাইল, নির্দিষ্ট কোনও নিয়ম বা জায়গা নেই ছবি তোলার জন্য। সবাই একেবারে গায়ে চলে এসে ছবি তুলতে চায়, যেন নাকের ডগায় ফোন ঢুকিয়ে দিলেই সেরা রিল তৈরি হবে! তিনি উদাহরণ দিয়ে বলেন, একবার একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর ছবি তোলার সময় একজন তাঁকে ধাক্কা মেরে প্রায় ফেলেই দিচ্ছিল। অভিনেত্রী স্পষ্ট জানান, এই ধরনের ঠ্যালাঠেলি ও ধাক্কাধাক্কি তিনি একেবারেই সহ্য করতে পারেন না। এছাড়া, এমন পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাউন্সার নিয়ে ঘোরাও তাঁর পছন্দ নয়।

এই সব কারণেই তিনি বাধ্য হয়ে প্রিমিয়ারে না যাওয়ার ব্যক্তিগত সিদ্ধান্তটি নিয়েছেন জানিয়ে লেখেন, এমন বিরক্তি নিয়ে বাড়ি ফেরার চেয়ে তিনি বরং পরে টিকিট কেটে সিনেমা দেখতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তিনি এমনিতেও অন্যদের সিনেমা টিকিট কেটেই দেখেন, এখন থেকে নিজের ছবিও তাই করবেন বলে জানান।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই অকপট স্বীকারোক্তি ও সিদ্ধান্ত টলিউডের প্রিমিয়ার সংস্কৃতিতে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তাঁর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।