অপেক্ষার অবসান ! মাধ্যমিকের ফলপ্রকাশ ২মে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। অবশেষে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২ মে (বৃহস্পতিবার) মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগামী ২ মে সকাল ৯টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে। যেসব ওয়েবসাইটে ফল দেখা যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল – www.wbbsedata.com, www.indiaresults.com, www.results.siksha, fastresult.in, এবং www.edutips.in। এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব মোবাইল অ্যাপ ‘wbbse-app’-এও ফলাফল উপলব্ধ হবে।

ফল ঘোষণার দিনেই মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি থেকে সকাল ১০টা থেকে স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে। এরপর স্কুলগুলি থেকে পড়ুয়ারা নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী মাধ্যমিকের জন্য নাম নথিভুক্ত করেছিল। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছিল ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছিল ছাত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে প্রাথমিক পর্যায়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন কীভাবে সময়মতো সম্পন্ন হবে, তা নিয়ে পর্ষদের অন্দরেই উদ্বেগ দেখা দিয়েছিল। তবে এই পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে, যথাসময়েই ফল প্রকাশ করা হবে। তিনি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছিলেন। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল ফল প্রকাশের একটি সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, কিন্তু ৩০ এপ্রিল পুরীর জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠান থাকায় পর্ষদ সূত্রে আগামী ২ মে ফল প্রকাশের কথা জানানো হয়েছে। এই ঘোষণার ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার অবসান ঘটল।