বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন রং ‘Olo’, এখনই দেখার সুযোগ নেই সাধারণ মানুষের !

আমাদের চেনা রঙের জগৎ হয়তো এতদিন ছিল সীমিত। কারণ এবার বিজ্ঞানীরা এমন এক নতুন রঙের আবিষ্কার করেছেন, যা এতদিন মানব চোখে ধরা পড়েনি! ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলির বিজ্ঞানীরা এই নতুন রংটির নাম দিয়েছেন ‘Olo’ এবং তাঁদের এই আবিষ্কার বৈজ্ঞানিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে। এই চাঞ্চল্যকর গবেষণাপত্রটি গত ১৮ এপ্রিল Science Advances জার্নালে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত আলোর ছোট, মাঝারি এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের মাধ্যমে আমরা রং দেখতে পাই। আমাদের চোখের মণির পিছনে শঙ্কু আকৃতির কিছু কোষ রয়েছে, যা এই তরঙ্গদৈর্ঘ্যগুলিকে শনাক্ত করে আমাদের রংয়ের ফারাক বুঝতে সাহায্য করে। স্বাভাবিক আলো বা ডিজিটাল ডিসপ্লের দিকে যখন আমরা তাকাই, শঙ্কু কোষের একটি নির্দিষ্ট ধরনের প্রতিক্রিয়ার ফলে আমরা প্রচলিত সীমিত রংগুলি দেখি।
তবে নতুন রং ‘Olo’-কে এভাবে স্বাভাবিকভাবে দেখা সম্ভব নয়। কারণ আমাদের পরিবেশে বা ডিজিটাল স্ক্রিনে এমন কোনও রংয়ের অস্তিত্ব নেই। লেজার টেকনোলজির সাহায্যে চোখে কৃত্রিম উপায়ে স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি করে এই রংটি আবিষ্কার করা হয়েছে, যা শুধুমাত্র গবেষণাগারেই সম্ভব। বিজ্ঞানীরা জানিয়েছেন, আপাতত শুধুমাত্র গবেষণাগারের কৃত্রিম পরিবেশে এই রংটিকে দেখা সম্ভব।
সাধারণ মানুষের পক্ষে এই নতুন রং ‘Olo’ কেমন দেখতে, তা ভাষায় বোঝা কঠিন। তবুও বিজ্ঞানীরা এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাঁদের দাবি অনুযায়ী, এটি হলো নীল ও সবুজের এক অত্যন্ত গাঢ় এবং সম্পৃক্ত অবস্থার সংমিশ্রণ।
এই আবিষ্কার বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই গবেষণা প্রমাণ করে যে মানব মস্তিষ্ক ভিজ্যুয়াল ইনফরমেশন বা দৃশ্যমান তথ্যকে কীভাবে গ্রহণ করে, তা প্রচলিত বা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র পাঁচজন ব্যক্তি সরাসরি এই নতুন রং ‘Olo’ চাক্ষুষ করেছেন। এঁদের মধ্যে রয়েছেন বার্কলির গবেষক হানা ডয়েল এবং অস্টিন রুরডা সহ ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের দুজন গবেষক এবং একজন অধ্যাপক। তাঁরা এও জানিয়েছেন যে, বর্তমানে ফোনের স্ক্রিন বা টিভির স্ক্রিনে এই রংটিকে দেখা সম্ভব নয়। তবে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এলে সাধারণ মানুষও হয়তো এই নতুন রংটিকে দেখতে পাবে।