‘পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করা হবে..,’পহেলগাঁওয়ের রক্তপাতের বদলা নেবে ভারত, মধুবনী থেকে হুঙ্কার মোদির !

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা দেশের যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই বিহারের মধুবনী থেকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলার জন্য দায়ীদের পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে ধরে কল্পনাতীত সাজা দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রীর পর প্রধানমন্ত্রী নিজে এই প্রথম জনগণের উদ্দেশ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন।

আজ (বৃহস্পতিবার) জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষে বিহারের মধুবনীতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। হামলার ভয়াবহতা উল্লেখ করে তিনি প্রথমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই মিনিটের নীরবতা পালন করেন। বিহারের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রী সরাসরি পহেলগাঁও প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, এই হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এই কঠিন সময়ে ১৪০ কোটি দেশবাসী হতাহতদের পরিবারের পাশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে।” এরপরই তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে,” – এই কথা বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “কটা জঙ্গি হানা ১৪০ কোটি মানুষের মনোবল ভেঙে দিতে পারে না।” পহেলগাঁওয়ে যেভাবে নিরীহ পর্যটকদের মারা হয়েছে, তা দেখে গোটা দেশ স্তম্ভিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের পাশে ভারত দৃঢ়ভাবে আছে এবং আহতদের সবরকম সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা নৃশংস ভাবে ২৬ জনকে খুন করে। জানা গেছে, তারা রীতিমতো নাম-পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে পুরুষদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল। এই ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। নিরাপত্তাকর্মীদের মতে, এই হত্যালীলা চালানোর জন্য বহু জঙ্গি পাকিস্তান থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এপারে এসেছিল। জঙ্গি হামলার পরেই নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানকে প্রশাসনিকভাবে চাপে ফেলতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা এবং সার্ক দেশের ভিসা বাতিলের মতো একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের পরেই প্রধানমন্ত্রী মোদীর এই কড়া বার্তা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।