‘জঙ্গিদের খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে’, মধুবনী থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা দেশের যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই বিহারের মধুবনী থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রীর পর প্রধানমন্ত্রী নিজেও এই হামলার জন্য দায়ীদের ‘কল্পনাতীত সাজা’ দেওয়ার হুঙ্কার দিয়েছেন এবং জঙ্গিদের খুঁজে খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়ার বার্তা দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী প্রথমে পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিহারের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রী সরাসরি পহেলগাঁও প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, এই হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এই কঠিন সময়ে ১৪০ কোটি দেশবাসী হতাহতদের পরিবারের পাশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “যারা এই হামলা করেছে, তাদের কল্পনাতীত সাজা দেওয়া হবে।” তিনি আরও স্পষ্ট বার্তা দেন যে, এই হামলার পেছনে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের উচিত শিক্ষা দেওয়া হবে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তা এই ঘটনায় ভারতের দৃঢ় অবস্থানকে আবারও স্পষ্ট করে তুলল।