পহেলগাঁও হামলায় অল্পের জন্য রক্ষা! জঙ্গি হামলা থেকে কীভাবে বাঁচলেন বধর্মানের ৩ পর্যটক?

কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। এই ভয়াবহতার মধ্যে বরাতজোরে প্রাণে বেঁচে গেছেন বর্ধমান থেকে কাশ্মীর ঘুরতে যাওয়া একদল পর্যটক, যাদের মধ্যে বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা রয়েছেন। তবে প্রাণে বাঁচলেও, বর্তমানে তাঁরা শ্রীনগরে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।

গত ১৪ এপ্রিল বর্ধমান থেকে পরিবারের সঙ্গে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই পর্যটকেরা। ভূস্বর্গের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁরা শ্রীনগর, গুলমার্গ, পহেলগাঁও সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলেন। হামলার দিন তাঁরা পহেলগাঁওতেই ছিলেন। কিন্তু ভাগ্যের ফেরে হামলার ঠিক কিছু ক্ষণ আগেই তাঁরা পহেলগাঁও ছেড়ে শ্রীনগরের দিকে রওনা দেন। পথেই তাঁরা পহেলগাঁও হামলার খবর জানতে পারেন এবং তখন থেকেই শ্রীনগরে আটকে পড়েছেন।

বর্তমানে শ্রীনগরের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ও আতঙ্কজনক। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে, এমনকি বিখ্যাত ডাল লেক এলাকাও ফাঁকা, যা পর্যটকদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে, যার ফলে তাদের চলাচলে সমস্যা হচ্ছে। বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পর্যটক পাভেল সাহা বলেন, “আমরা হোটেলে আটকে রয়েছি। দোকানপাট সব বন্ধ। ভাড়াও প্রচুর বেড়েছে। এই পরিস্থিতিতে কীভাবে ফিরব বুঝতে পারছি না। ঘটনাটি খুবই ভয়াবহ।”

তাঁর কথায়, এখন শ্রীনগর থেকে ফিরে আসাটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় যানবাহনের ভাড়া এবং বিমানের টিকিটের দাম কয়েকগুণ বেড়ে গেছে, যা আটকে পড়া পর্যটকদের জন্য আর্থিক ও মানসিক—উভয় দিক থেকেই চরম চাপ সৃষ্টি করেছে। বর্ধমানে থাকা তাঁদের পরিবারের লোকজনও তাঁদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন। এরই মধ্যে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ২৫ নম্বর ওয়ার্ডের ওই পর্যটকদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পহেলগাঁওয়ের হামলা থেকে রক্ষা পেলেও, বাড়ি ফেরা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা বর্ধমানের এই পর্যটকদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।