সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন টাইগার শ্রফ

বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনা যেন থামছেই না। ভাইজান সালমান খান, এরপর বিধায়ক বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর পর এবার এই তালিকায় যোগ হল অভিনেতা টাইগার শ্রফের নাম। তবে শেষ পর্যন্ত জানা গেছে, টাইগারকে দেওয়া এই হুমকি ছিল সম্পূর্ণ ভুয়ো।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন করে দাবি করা হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং প্রায় ২ লাখ টাকার অস্ত্র কিনে এই হত্যার ছক কষা হয়েছে। ফোনকারী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলেও দাবি করেন।

এই খবর পাওয়ার পরই মুম্বই পুলিশ নড়েচড়ে বসে এবং দ্রুত তদন্ত শুরু করে। ফোনের উৎস খুঁজে বের করে পুলিশ জানতে পারে কলটি পাঞ্জাব থেকে করা হয়েছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তি, যার নাম মনীশ কুমার সুজিন্দর সিং (৩৫), তাকে শনাক্ত করা হয়।

পরে জানা যায়, ওই ব্যক্তির দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছিল। বিভ্রান্তিকর অবস্থায় ওই ব্যক্তি নিজেই আবার দাবি করেন যে তাকে নাকি ২ লাখ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে হত্যার কথা বলা হয়েছিল!

যদিও পরবর্তীতে এটি ভুয়ো দাবি প্রমাণিত হয়, কিন্তু প্রাথমিক হুমকির পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। মিথ্যা তথ্য দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে বিভ্রান্ত এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগে মনীশ কুমার সুজিন্দর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মুম্বই পুলিশের পক্ষ থেকে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযুক্তকে আটক করা হয়। এমন ভুয়ো কলের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়ায়।