রাত পাহারার সময় দুষ্কৃতীর হামলা! যুবককে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা মালদহে

গ্রামের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে রাতে পাহারায় ছিলেন তাঁরা। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারালেন এক যুবক, গুরুতর আহত হলেন আরও একজন। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। এই হামলা এবং তাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে গোটা অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
জানা যাচ্ছে, অমৃতি, সিকান্দারপুর, সাতঘরা ভিকোণপুর, বড় মোহনপাড়া সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে বিগত প্রায় মাসখানেক ধরে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। বিশেষ করে মহিলাদের ওপর হামলা এবং উত্যক্ত করার একাধিক অভিযোগ উঠেছে। গ্রামের বয়স্কদের পাশাপাশি যুবকরাও আতঙ্কে ছিলেন। এই পরিস্থিতি মোকাবিলায় এবং গ্রামের মা-বোনেদের সুরক্ষার জন্য গ্রামবাসীদের ছেলেরাই কয়েকজন মিলে গত কিছুদিন ধরে পালা করে রাত পাহারার ব্যবস্থা করেছিলেন।
মঙ্গলবার রাতে সেই রাত পাহারায় ছিলেন শিু মণ্ডল এবং সূর্য মণ্ডল নামের দুই যুবক। সেই সময়ই কিছু দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিতে প্রাণঘাতী হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর একের পর এক একাধিক কোপ মারা হয়। এই নৃশংস হামলার জেরে শিবু মণ্ডল নামের এক যুবক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, সূর্য মণ্ডল নামের আরেক যুবক গুরুতর আহত অবস্থায় বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই হামলার খবর গ্রামে পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সিকান্দারপুরের বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে রাত থেকেই বিক্ষোভ শুরু করেন এবং মালদহ-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ (RAF) পৌঁছায়। কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসীরা উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ধস্তাধস্তিও হয় বলে খবর।
অন্যদিকে, দুই যুবকের ওপর হামলার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলা চালাল এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই হামলা কি মহিলাদের ওপর পূর্ববর্তী হামলার সঙ্গে যুক্ত, নাকি রাত পাহারার কারণে দুষ্কৃতীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে – সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেদিকেও প্রশাসন কড়া নজর রাখছে। গ্রামে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামের সুরক্ষায় এগিয়ে আসা যুবকের এভাবে মৃত্যুতে গোটা মালদহ জেলায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।