পহেলগাঁওয়ে জঙ্গি হামলা! স্তম্ভিত ‘সচিন তেন্ডুলকর’, ভূস্বর্গের ঘটনায় শোকাহত ও ক্ষুব্ধ ক্রীড়া জগত

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি শুধু দেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই নৃশংস ঘটনায় শোকাহত এবং ক্ষুব্ধ ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব। ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রীড়াব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ক্রিকেটের ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকর পহেলগাঁওয়ের হামলা নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে নিরীহ মানুষের উপর মর্মান্তিক হামলার ঘটনায় আমি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। দুর্গত পরিবারগুলি নিশ্চয়ই অভাবনীয় পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অন্ধকার সময়ে ভারত ও সারা বিশ্ব ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে আছে। আমরা জীবন হারানোর জন্য শোকপ্রকাশ করছি এবং বিচারের জন্য প্রার্থনা করছি।’ উল্লেখ্য, গত বছর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সচিন এবং তাঁদের সেই ভ্রমণের সুখস্মৃতি রয়েছে। ভূ-স্বর্গে বেড়াতে গিয়ে এভাবে পর্যটকদের প্রাণ হারানোয় তিনি ব্যক্তিগতভাবে মর্মাহত।
জাতীয় দলের সচিনের প্রাক্তন সতীর্থ হরভজন সিংও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘যাঁরা কাপুরুষোচিত হামলায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি অন্তর থেকে সহানুভূতি জানাচ্ছি। এই ঘটনা ক্ষমা করা যাবে না।’ ভারতীয় ক্রিকেট দলের অপর প্রাক্তন সদস্য সুরেশ রায়নাও এই হামলা নিয়ে সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কাপুরুষোচিত। অমানবিক। লজ্জাজনক। পহেলগাঁওয়ে হামলা শুধু জীবনের উপর আঘাতই নয়, আমাদের দেশের আত্মার উপর হামলা। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিচার যেন দ্রুত, কঠোর ও আপসহীন হয়।’
ফুটবলের দুনিয়া থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে যা হয়েছে তা হৃদয়বিদারক ও লজ্জাজনক। কোনও কারণ ছাড়াই নিরীহ ব্যক্তিদের প্রাণ হারাতে হয়েছে। তাঁদের পরিবাবের জন্য প্রার্থনা করছি। হিংসা যথেষ্ট হয়েছে। এই ঘটনা যদি আপনাকে বিচলিত না করে, তাহলে কোথাও গোলমাল আছে। আমাদের ঐক্য দরকার, ভয় না।’
পহেলগাঁওয়ের এই বর্বরোচিত হামলার পর দেশের ক্রীড়া জগতের এই পরিচিত মুখগুলির প্রতিক্রিয়া জাতীয় শোক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তাকে আরও জোরালো করেছে। তাঁদের বার্তা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিকেও সমর্থন করেছে।