বিশেষ: দেশকে বিপদে ফেলে পালিয়েছেন, শ্রীলংকায় ফিরলে কী হবে গোতাবায়া রাজাপাকসের?

শ্রীলংকার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশে ফেরার অধিকার আছে। একই সঙ্গে তিনি এখন আর আইনিভাবে দায়মুক্তি পান না। যার ফলে গোতাবায়া দেশে ফিরলে সরকারি তহবিল অপব্যবহারের বিচার থেকে তার কোনো ছাড় নেই।
শ্রীলংকার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট সমাগি জনা বালাওয়েগ্যা (এসজেবি) সরকারি তহবিল অপব্যবহারের বিচারের এ দাবি জানিয়েছে। খবর ডেইলি মিররের।
এসজেবির প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত পি. পেরেরা সংবাদ সম্মেলনে বলেন, প্রাক্তন এ প্রেসিডেন্টের দেশে ফেরার অধিকার আছে। কারণ, তিনি শ্রীলংকার নাগরিক। কেউ তার এ অধিকারকে প্রত্যাখ্যান করতে পারবেন না। তবে তিনি তহবিলের যে অপব্যবহার করেছেন, তার জন্য তার বিচার হওয়া উচিত।
অজিত পি. পেরেরা বলেন, গোতাবায়ার বিরুদ্ধে তার পিতামাতার স্মৃতিস্তম্ভ তৈরির জন্য রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগ আছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও আছে। সেই মামলা এখনই শুরু হওয়া উচিত। অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ ফাইল করা উচিত। তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব এবং এর জন্য তাকে শাস্তি দেওয়া সম্ভব, যদি তিনি অপরাধী সাব্যস্ত হন। সংবিধান অনুযায়ী তিনি এখন আর আইনগত দায়মুক্তি পান না।
প্রাক্তন এমপি অজিত পি. পেরেরা বলেন, ইয়াহাপালানা সরকারের সময়ে যেসব রাষ্ট্রীয় কর্মকর্তা রাজনৈতিকভাবে ভুক্তভোগীর শিকার হয়েছিলেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১০ কোটিরও বেশি অর্থ প্রস্তাব করেছেন। এ প্রস্তাবের বিরোধিতা করে এসজেবি।