ডিজিটাল অ্যারেস্টে ২ কোটি ৭০ লক্ষ টাকা লুট! মধ্যপ্রদেশে প্রতারিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, গ্রেফতার ৬

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে এবার প্রতারিত হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক সন্ন্যাসী। গোয়ালিয়রের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সুপ্রদীপ্তানন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অসহায় হয়ে তিনি পুলিশের কাছে যান। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় স্থানীয় একটি ব্যাঙ্কের কর্মীরাই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। অর্থাৎ, যাদের ওপর ভরসা করে মানুষজন টাকা জমা রাখেন, তারাই আসলে প্রতারক। ইতিমধ্যেই এক মহিলা সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে, এই চক্রের মূল হোতা, যে ওই ব্যাঙ্কেরই একজন কর্মচারী, এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সন্ন্যাসীকে প্রতারিত করে কোটি টাকা লুটের ঘটনায় ব্যাঙ্ককর্মীদের যোগসাজশ স্পষ্ট। জানা গেছে, উজ্জয়ীনের নাগদায় বন্ধন ব্যাঙ্কের একটি শাখায় স্বামী সুপ্রদীপ্তানন্দের অ্যাকাউন্ট ছিল। অভিযুক্ত কর্মীরা তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ দেখে প্রতারণার ছক কষে। এরপর ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তাকে ২৬ দিন ধরে আটকে রাখে এবং ২ কোটি ৭০ লক্ষ টাকা লুট করে নেয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ হয় স্থানীয় বন্ধন ব্যাঙ্কের কোনো কর্মী এর সঙ্গে জড়িত। এরপর কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অবশেষে শনিবার রাতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ওই শাখার প্রাক্তন আধিকারিক কাজল জয়সওয়ালও রয়েছে। জানা গেছে, কাজল এই চক্রের অন্যতম প্রধান ছিল। তবে, এই ঘটনার মূল চক্রী উদয় কুমার এখনও পলাতক। তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে। পুলিশের সূত্রে খবর, প্রতারিত মঠের সন্ন্যাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিল প্রতারকরা। সেই কারণেই তারা এত বড় অঙ্কের টাকা লুট করতে সক্ষম হয়েছে।