ছিছিক্কার কাণ্ড! তিন সন্তান ও সংসার ফেলে ভাগ্নার সঙ্গে পালাল ‘মামি’, স্বামীকে ‘নীল ড্রামের’ হুমকি

প্রেমের টানে স্বামী, সংসার এবং তিন সন্তানকে ত্যাগ করে নিজের ভাগ্নের সঙ্গেই পালিয়ে গেলেন এক মহিলা। শুধু তাই নয়, পালানোর আগে স্বামীকে হুমকিও দিলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে ‘নীল ড্রামের’ মতো পরিণতি হবে। উত্তরপ্রদেশের মুজাফরনগরের এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জনসাথ থানার তিসাং গ্রামের এই মামি-ভাগ্নের অদ্ভুত প্রেমকাহিনীতে হতবাক স্থানীয় বাসিন্দারা। বছর ৩৫-এর ওই মহিলা, যিনি তিন সন্তানের জননী, তাঁর থেকে ৯ বছরের ছোট ২৬ বছর বয়সি ভাগ্নের হাত ধরে ভরা সংসার ছেড়ে পালান। স্থানীয় সূত্রে খবর, গত ১৯শে মার্চ এই ঘটনা ঘটে। তবে পারিবারিক সম্মান এবং সামাজিক কলঙ্কের ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন মহিলার স্বামী ও পরিবার। কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনা আর চাপা থাকেনি।
পালানোর আগে ওই মহিলা তাঁর স্বামীকে ‘নীল ড্রামের’ মতো পরিণতি করার হুমকি দেন। এই ‘নীল ড্রামের’ উল্লেখ আসলে উত্তরপ্রদেশের মিরাটে সম্প্রতি ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে। সেখানে স্ত্রী মুসকান তার প্রেমিক সাহিলের সঙ্গে মিলে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে। ঘুমের ওষুধ খাইয়ে সৌরভের গলা কেটে দেহ ১৫টি টুকরো করে একটি নীল রঙের ড্রামের মধ্যে ভরে সিমেন্ট ও বালি দিয়ে চাপা দেয় অভিযুক্তরা।
এই হুমকির কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত মহিলার স্বামী ও পরিবার। তবে, মহিলার এই কাণ্ড এলাকায় ছিছিক্কারের জন্ম দিয়েছে। মামি-ভাগ্নের এমন সম্পর্ক মেনে নিতে পারছেন না কেউই। বর্তমানে পুলিশ এই ঘটনার বিষয়ে অবগত কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনা উত্তরপ্রদেশের সামাজিক প্রেক্ষাপটে একটি বড় আলোড়ন সৃষ্টি করেছে।