দিলীপকে বিয়ের শুভেচ্ছা অভিষেকের, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন?

সদ্য বিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষকে এবার শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে ৬১ বছর বয়সে বিয়ে সেরেছেন দিলীপ ঘোষ। বিজেপির মহিলা মোর্চার নেত্রী ৪৭ বছর বয়সী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন তিনি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, “সবকিছুর মতো ভালবাসারও নিজস্ব সময় আছে।”

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নতুন সূচনার জন্য দিলীপ ঘোষ এবং শ্রীমতি রিঙ্কু মজুমদারকে অভিনন্দন। ভালবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে। সেই সুন্দর সত্যের দলিল আপনাদের এই এক হওয়া।”

দিলীপ ও রিঙ্কুর সুখী দাম্পত্যের কামনা করে অভিষেক লেখেন, “জীবনের অসামান্য নতুন অধ্যায়ে পা রাখলেন আপনারা। সারাজীবন হাসিখুশি থাকুন, শান্তিতে থাকুন, বেঁধে বেঁধে থাকুন।”

প্রসঙ্গত, বিয়ের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষকে ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন। দুই আধিকারিক সেই উপহার দিলীপের নিউটাউনের ফ্ল্যাটে পৌঁছে দেন।

দিলীপ ঘোষের বিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। আরএসএসের প্রচারক থেকে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ, এতদিন একাকী জীবন কাটিয়েছেন। আচমকা তাঁর বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছেন। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, বয়স একটি সংখ্যা মাত্র। এতদিন প্রয়োজন মনে করেননি, তাই বিয়ে করেননি। এখন মনে হয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছেন।

দিলীপ ঘোষের বিয়েতে রাজ্য রাজনীতিতে এক অন্যরকম সৌজন্যের ছবি দেখা গিয়েছে। বিজেপির নেতারা প্রকাশ্যে কিছু বলার আগেই তৃণমূল নেতৃত্ব দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষকে দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানালেন।