BigNews: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এবার ‘দেশি কুকুর’

ক্ষমতায় এসেই আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিশায় এবার বেনজির পদক্ষেপ নিল কেন্দ্রের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বলয়ে এবার যোগ হতে চলেছে দুই ‘দেশি কুকুর’।

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষায় এবার দেশি ‘মুধল হাউন্ড’ কুকুর মোতায়েন করা হবে। ইতিমধ্যে ক্যানাইন রিসার্চ এন্ড ইনফরমেশন সেন্টার থেকে দুটি কুকুরছানা নিয়ে গিয়েছে স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ।

উল্লেখ্য, জানা গিয়েছে, ২৫ এপ্রিল কর্ণাটকের তিম্মাপুরে অবস্থিত ক্যানাইন রিসার্চ সেন্টারে একটি বিশেষ দল পাঠায় ‘স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ’। ওই দলে ছিলেন দুইজন চিকিৎসক এবং কয়েকজন কমান্ডো। ইতিমধ্যে ২ মাস বয়সের ওই কুকুর ছানাদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।