মদ্যপ অবস্থায় হবু স্ত্রীকে অপমান বরের, উত্তরপ্রদেশে হাতছাড়া হল ‘বউ’ !

মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসে বিপত্তি ঘটালেন বর। নেশাগ্রস্ত অবস্থায় বিবাহবাসরে হাজির হওয়ায় কনের স্পষ্ট না। মদ্যপ ছেলেকে কিছুতেই বিয়ে করবেন না জানিয়ে দিলেন পাত্রী। ফলস্বরূপ, বিয়ে না করেই হবু শ্বশুরবাড়ি থেকে পালাতে হল বরবাবুকে। অবাক করা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরীতে।
সম্প্রতি মইনপুরীতে এক যুবক যখন বিয়ে করতে যান, তখন বিয়ের মঞ্চেই তিনি মত্ত অবস্থায় হবু স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন। এতেই বেঁকে বসেন তরুণী কনে। তিনি সাফ জানিয়ে দেন, কোনো মদ্যপের গলায় তিনি মালা পরাবেন না এবং এই বিয়ে তিনি করবেন না। মেয়ের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানান তার পরিবারের সদস্যরাও।
পরিস্থিতি বেগতিক দেখে বরের বাড়ির লোকজন স্থানীয় কিশানি থানায় ছুটে যান। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনায় বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি। হবু বর বারংবার ক্ষমা চেয়ে নিলেও, কনে কিছুতেই তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং ওই পাত্রকে বিয়ে করতে অস্বীকার করেন।
বधू বেশে থানায় হাজির হয়ে ওই তরুণী পুলিশকে জানান, মদ্যপ অবস্থায় এই যুবক বিয়ে করতে এসেছেন। এমতাবস্থায় তার কী করা উচিত, সে বিষয়েও তিনি পুলিশের কাছে জানতে চান। কনের পরিবারের লোকজনও মেয়ের পক্ষ নিয়ে থানাতেই বিয়ে বাতিল করে দেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।