ফুটেছে বিয়ের ফুল! দিলীপকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে বাড়িতে হাজির সুকান্তরা

দিলীপ ঘোষ, যাঁর রাফ অ্যান্ড টাফ মেজাজ সর্বজনবিদিত, এবার ব্যক্তিগত জীবনেও নিলেন এক ‘বোল্ড’ সিদ্ধান্ত। ৬১ বছর বয়সে প্রেমের টানে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী, ৫১ বছর বয়সী রিঙ্কু মজুমদার। শুক্রবার গোধূলি লগ্নে তাঁদের চার হাত এক হবে। বিয়ের আগে এদিন সকালে সহকর্মীকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে হাজির হন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
সকালে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্যান্য নেতারা ফুল নিয়ে দিলীপবাবুর নিউটাউনের বাড়িতে পৌঁছন। সেখানে তাঁরা বেশ কিছুক্ষণ সময় কাটান। দিলীপবাবুর নিউটাউনের বাড়িতেই বসবে বিয়ের আসর। একেবারে ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ কয়েকজন মানুষকে নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় শুভ পরিণয় অনুষ্ঠিত হবে।
ভালোবাসার কোনও বয়স হয় না, দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে সেই প্রবাদ আরও একবার প্রমাণিত হল। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে। বিজেপি তো বটেই, বিরোধী দলের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর, দিলীপের বিয়ে নিয়ে দলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। তাঁকে নাকি এই সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে রাজ্য বিজেপির নেতারা দল বেঁধে পাত্রের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।
সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায় উপস্থিত থাকলেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপের বাড়িতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, দিলীপ ঘোষের মা-সহ দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন বিয়েতে। দু’-একজন বন্ধুও উপস্থিত থাকবেন। তবে দলের আর কেউ সেখানে থাকবেন কি না, তা এখনও জানা যায়নি।
দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দিলীপবাবু বেশ হতাশ হয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়েই রিঙ্কু মজুমদার তাঁকে বিয়ের প্রস্তাব দেন। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না এবং তাঁর ২৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। প্রথমে দিলীপবাবু রাজি না হলেও, মায়ের অনুরোধে শেষ পর্যন্ত তিনি মত পরিবর্তন করেন।