সমুদ্রের ধারে ৪৯ বছর পর মিলল পুরনো আশ্চর্য বার্তা! কী লেখা ছিল কাগজে?

দুই ভাই সমুদ্রের ধারে ঘুরতে ভালোবাসেন। বালিয়াড়িতে হেঁটে বেড়ানো আর সেখান থেকে নানান সময়ে অপ্রত্যাশিত জিনিস খুঁজে বের করা তাঁদের পছন্দের কাজ। তেমনই এক বিকেলে, বড় ভাইয়ের চোখ এড়িয়ে গেলেও ছোট ভাইয়ের নজরে পড়ল বালিতে আটকে থাকা একটি জিনিস।
পুরোপুরি দেখা না গেলেও সেটি ছিল একটি কাঁচের বোতল। কিছুটা কৌতূহলী হয়েই ছোট ভাই বোতলটি বালি থেকে টেনে বের করে হাতে নেয়। নিজে কিছু না করে সে সঙ্গে সঙ্গে দাদাকে দেখায়।
দু’জনে মিলে বোতলটি ভালোভাবে পরীক্ষা করে দেখেন। সেটি ১৯৭০ দশকের পেপসির বোতল, যার ভেতরে ভাঁজ করা একটি বার্তা লুকানো ছিল। আগ্রহের সঙ্গে বোতলের মুখ খুলে সেই কাগজ বের করে পড়েন তাঁরা।
দেখা যায়, সেই বার্তাটি লেখা হয়েছিল ১৯৭৬ সালে। যিনি লিখেছিলেন, তিনি তখন ১৪ বছর বয়সী এক কিশোর। ম্যাসাচুসেটসের ওয়েস্ট নিউবারির একটি হাইস্কুলে পড়ত সে। তাদের ওশিয়ানোগ্রাফি ক্লাসের একটি অ্যাসাইনমেন্ট ছিল সেটি, যা ওই বোতলবন্দি বার্তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল।
তৎকালীন উপকূলরক্ষী বাহিনী সেই ছাত্রের হয়ে বোতলটি সমুদ্রে ফেলে দিয়েছিল। দীর্ঘ ৪৯ বছর ধরে সমুদ্রের ঢেউয়ে ভেসে সেই বোতল অবশেষে পৌঁছায় বাহামা দ্বীপপুঞ্জের এক নির্জন দ্বীপে।
এই দুই ভাই বিভিন্ন সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং সেই সূত্রেই তাঁরা এসে পৌঁছন এই দ্বীপে। সেখানেই তাঁদের হাতে আসে প্রায় অর্ধ শতাব্দী আগের সেই বোতলবন্দি বার্তা। পরবর্তীতে, ইন্টারনেটের মাধ্যমে ওই বার্তার লেখক পিটার থম্পসনকেও তাঁরা খুঁজে বের করেন। তবে পিটার এত বছর আগের সেই বোতল ও বার্তার কথা একেবারেই মনে করতে পারেননি। এই অপ্রত্যাশিত আবিষ্কার দুই ভাইয়ের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে রইল।