তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়: তৃণমূল সাংসদ শান্তনু সেন

আজ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। তৃণমূল নেতার রাইস মিলে সিবিআই হানা নিয়ে সরব হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তার পাল্টা হিসেবে বিজেপি সাংসদকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘আমি তো কিছুদিন আগে অবধিও জানতাম যে, লকেট দিদিমণি এপাং ওপাং ঝপাং করে, লম্ফ দিয়ে ঝম্প মেরে মমতা ব্যানার্জির ছাতার তলায় আসার চেষ্টা করছিলেন। কারণ তিনি নিজেও খুব ভালো মতো জানেন, তা না হলে ২০২৪-এ তার তকমা হবে লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ।’
প্রসঙ্গত, তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের রাইস মিলে সিবিআই হানা দিতে বেরিয়ে এলো একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথমে অনুব্রতর রাইস মিলে ঢুকতে পারছিলেন না সিবিআইয়ের আধিকারিকরা। টানা ৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকার পর মিলের ভেতরে যায় সিবিআই। চালকলের ভেতরে পাওয়া গেলো অন্তত ৬ টি গ্যারেজ। আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছে সারি সারি দামি গাড়ি।