সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী! কোথায় বসবে বিয়ে আসর? ডিসেম্বরেই বাজবে সানাই?

অবশেষে পরিণতি পেল ঋতাভরীর প্রেম। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বলিউড চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বৃহস্পতিবার পয়লা বৈশাখের শুভ দিনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে।

সূত্রের খবর, এই বছর ডিসেম্বরে থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে ঋতাভরী ও সুমিতের। বাঙালি ও পাঞ্জাবি – দুই রীতি মেনেই তাঁদের বিয়ে হবে। অনুষ্ঠান হবে ঘরোয়া পরিসরে। তবে শোনা যাচ্ছে, কলকাতা ও মুম্বই – এই দুই শহরেই জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টির আয়োজন করবেন নবদম্পতি।

মনোরোগ বিশেষজ্ঞ ডঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমিতের প্রেমে পড়েন ঋতাভরী। লকডাউনের সময় তথাগতের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি এবং খুব শীঘ্রই বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এমনকি ২০২১ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ের দিনও ঠিক ছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন ঋতাভরী।

বিচ্ছেদের পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান, তথাগতের সঙ্গে তাঁর কোনো তিক্ততা নেই এবং তাঁরা এখনও খুব ভালো বন্ধু। এমনকি অসুস্থ হলে তথাগত এখনও তাঁর খোঁজখবর নেন বলেও জানান ঋতাভরী। ২০২২ সালে তাঁদের বিয়ের কথা পাকা থাকলেও, শেষ পর্যন্ত তা আর পরিণতি পায়নি। সেই সময় ঋতাভরী বলেছিলেন, ভুল মানুষকে বিয়ে করতে চান না। তবে তাঁর দিদি ও সম্বিতের সুন্দর সম্পর্ক দেখে তিনি বিয়ের প্রতি আগ্রহী হয়েছিলেন।

তবে অবশেষে এল সেই শুভক্ষণ। বৃহস্পতিবার সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরে ফেললেন ঋতাভরী। সামাজিক মাধ্যমে আংটি বদলের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “এবং আমি ‘হ্যাঁ’ বললাম সারা জীবন একে অপরকে বিরক্ত করার এবং ভালোবাসার পরিকল্পনায়। আমি এবং আমার মিস্টার রাইট বাগদত্ত।” ধারণা করা হচ্ছে, এই বছর ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন ঋতাভরী ও সুমিত।