তীব্র গরমে হাঁসফাঁস পশু-পাখি, আপনার সামান্য চেষ্টাই বাঁচাতে পারে তাদের প্রাণ, দেখুন কী করবেন?

দেশজুড়ে তীব্র দাবদাহে মানুষ যখন ওষ্ঠাগত, তখন আমাদের চারপাশে থাকা অসংখ্য পশু-পাখিরাও একইরকম কষ্ট পাচ্ছে। গাছের ডালে বা বাড়ির কার্নিশে তাদের বাস, কিন্তু এই গনগনে গরমে তাদের অবস্থাও কাহিল। চারপাশ শুকিয়ে যাওয়ায় জলসঙ্কটে বহু পাখি ও পশু মারাও যাচ্ছে।

গ্রীষ্মকালে এই নিরীহ প্রাণীরা আমাদের মতোই দুর্বল হয়ে পড়ে। আমাদের হয়তো ফ্রিজ আছে, ঠান্ডা হাওয়া উপভোগ করার জন্য পাখা বা এসি আছে, কিন্তু এই ছোট ছোট পাখিদের সেই সুবিধা নেই। আমরা যখন ঠান্ডা পানীয়তে চুমুক দিই, তখন তারা তৃষ্ণায় কাতর হয়। এই সময় তাদের সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য।

ছাদে বা বারান্দায় জলের পাত্র রাখুন: এই গরমে জল হল তাদের জন্য সবথেকে জরুরি জিনিস। অগভীর মুখের পাত্রে জল ভরে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় রেখে দিন। খেয়াল রাখবেন পাত্রের কানার কাছে যেন পাখিরা বসতে পারে। একটি মাটির পাত্র এক্ষেত্রে সবথেকে ভালো। বাড়ির বাইরেও একটি পাত্রে জল রাখলে কুকুর, বেড়াল এমনকি অন্যান্য পশুরাও তৃষ্ণা নিবারণ করতে পারবে।

বাসা তৈরির সুযোগ করে দিন: গ্রীষ্মকালে পাখিদের বাসা বানানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনার বাগানে বা বারান্দার এক কোণে তাদের জন্য ছোট কৃত্রিম বাসা তৈরি করে রাখতে পারেন। অনলাইনেও এই ধরনের পাখির বাসা কিনতে পাওয়া যায়। আপনার পছন্দের জায়গায় সেগুলি ঝুলিয়ে দিন।

খাবার দিন: গরমের দুপুরে রাস্তায় হাঁটাচলা করা পশু-পাখিদের জন্য খুবই কষ্টকর। তাদের খাবার দিয়েও আপনি তাদের জীবন বাঁচাতে পারেন। কুকুরদের জন্য দই ভাত, জলে ভেজানো সাধারণ রুটি, সেদ্ধ ডিম বা বিস্কুট দিতে পারেন। গরুকে তরমুজের খোসা বা কলার খোসা খাওয়ান। তবে খাবার দেওয়ার সঠিক সময় হল সকাল বা সূর্যাস্তের পর, যখন তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। এতে তাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।

আপনার সামান্য সহানুভূতি ও চেষ্টাই বহু অসহায় প্রাণীর জীবন বাঁচাতে পারে। আসুন, এই গ্রীষ্মে আমরা সকলে মিলে পশু-পাখিদের পাশে দাঁড়াই।