স্বপ্ন ছুঁলো বীরভূম! এনডিএ-তে দেশের মধ্যে প্রথম ‘ইমন’, ইমনের সাফল্যে কী বললেন মুখ্যমন্ত্রী?

স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই যে পর্বতপ্রমাণ হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণ করলো বীরভূমের ইমন ঘোষ। ছোটবেলা থেকেই যুদ্ধবিমান চালানোর তীব্র নেশা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই বীরভূমের ভূমিপুত্র। বর্তমানে সে দেরাদুনের রাষ্ট্রীয় মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।

ইমনের বাবা উজ্জ্বলকুমার ঘোষ বায়ুসেনার অবসরপ্রাপ্ত হাবিলদার। সেই বাবার ছেলেই এবার ইউপিএসসি-র অধীনে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ পেয়ে দেশজুড়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে।

ইমনের পরবর্তী লক্ষ্য:

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমন বর্তমানে দেরাদুনের রাষ্ট্রীয় মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। চলতি বছরের জুলাই মাসে সে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেবে। এরপর তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার হিসেবে যোগ দিতে চায় ইমন। শুধু তাই নয়, যুদ্ধবিমান চালানোর তীব্র আকাঙ্ক্ষাও রয়েছে তার। আর এই স্বপ্ন পূরণের পথে সবথেকে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন তার বাবা উজ্জ্বলকুমার ঘোষ, এমনটাই জানিয়েছে ইমন।

ইমন ঘোষকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা:

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা ইমনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, “সদ্য আয়োজিত UPSC-র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় (২০২৪) বীরভূমের ছেলে শীর্ষ স্থান অধিকার করেছে। তার এই সাফল্যের কথা জেনে খুব ভালো লাগছে ও গর্ববোধ হচ্ছে। সদ্য ফলাফল প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা তথা ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর পুত্র আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। সবার জন্য সে গৌরব নিয়ে এসেছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এর আগে পশ্চিমবঙ্গের থেকে কেউ সম্প্রতি এই পরীক্ষায় প্রথম হয়নি। ফলে এবার ইমন যে সাফল্য অর্জন করল তাতে ও সবার কাছে রোল মডেল হয়ে উঠল। আমাদের রাজ্যের সকল ইউপিএসসি পরীক্ষার্থী ও প্রার্থীর কাছে ইমন ঘোষ রোল মডেল হয়ে উঠল। তাদের অনেকেই আমাদের রাজ্য সরকার পরিচালিত কেন্দ্রগুলি থেকে লাগাতার সহায়তা পেয়ে আসছে।”