দ্বারকেশ্বর নদে স্নান, তলিয়ে গেলেন মহিলা

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে স্নান করতে নামেন অনেকেই। এই নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা। কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বছর ৩৯ -র সীমা দত্ত নামে এক মহিলা স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান ওই মহিলা। নিখোঁজ মহিলার তল্লাশি চলছে। জলে নামানো হয়েছে ডুবুরি।
প্রসঙ্গত, সম্প্রতি দিঘায় বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে নেমে মৃত্যু হয়েছিল এক পর্যটকের। মাঝবয়সী ওই পর্যটকের নাম কল্যাণ দাস এবং তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছিল। তিনি তাঁর বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন।
ওল্ড দিঘার সি হক ঘাটে একাই সমুদ্রস্নানে নেমেছিলেন কল্যাণ দাস। আচমকাই উত্তাল হয়ে ওঠেছিল সমুদ্র। সমুদ্রের ঢেউয়ে ওই ব্যক্তি তলিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁর নিথর দেহ উদ্ধার করেছিলেন নুলিয়ারা।