আবহাওয়ার বড় পরিবর্তন! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাবাস, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা

বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শহরজুড়ে নামে বৃষ্টি। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দেখা যায়। শুক্রবার সকালেও রাজ্যের আকাশ মেঘলা রয়েছে। কলকাতায় মেঘ সরে গিয়ে রোদ উঠলেও তেমন গরম অনুভূত হচ্ছে না। ১৮ই এপ্রিল সকালেও রাজ্যজুড়ে আবহাওয়ার এই পরিবর্তন স্পষ্ট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাতটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং ঝাড়গ্রামের মতো এলাকা।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় ও বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনি ও রবিবারও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, সপ্তাহের শেষ দিনগুলিতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি নামবে।
আরও পড়ুন: West Bengal Weather Update: আবহাওয়ার আপডেট; কলকাতায় শুরু হল বৃষ্টি, সঙ্গে হাওয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে শিলাবৃষ্টিও
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোম ও মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এর অর্থ হল, বুধবার থেকে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।
কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
শুধু বাংলাই নয়, প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রগর্ভ মেঘের কারণে বিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে এবং হালকা বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।