গরম চামচ দিয়ে আড়াই বছরের শিশুর ঘাড়ে ছ্যাঁকা, অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের !

তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার রেড্ডিয়ারচাত্রম ইউনিয়নের কান্নিভাড়ির কাছে সুরাইকাইপট্টি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আড়াই বছর বয়সী এক শিশু কন্যাকে গরম চামচ দিয়ে ঘাড়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। শিশুটির বাবা-মা থানায় ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ছ্যাঁকা দেওয়ার কারণ শুনে হতবাক হয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা একজন দিনমজুর। তার মেয়ে সহ তেরোজন শিশু একই এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। শিশুটি সাধারণত প্রতিদিন তার মায়ের সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় এবং একাই বাড়ি ফেরে। গত ১৫ই এপ্রিলও সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে এলে শিশুটিকে খুব মনমরা দেখায়। বাবা-মা সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করে তার কী হয়েছে। তখন শিশুটি কাঁদতে শুরু করে এবং জানায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী চামচ দিয়ে তার ঘাড়ে ছ্যাঁকা দিয়েছে।

শিশুর মুখে এই কথা শুনে স্তম্ভিত হয়ে যান বাবা-মা। তারা সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে কর্মী চেল্লাম্মালকে জিজ্ঞাসা করেন কেন শিশুটিকে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কর্মী নির্লিপ্তভাবে উত্তর দেন, “যদি শিশুরা কথা না শোনে তাহলে আমি তাদের গরম চামচ দিয়ে এই ভাবেই ছ্যাঁকা দেব।” অভিযোগ, এরপর অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মাল এই বিষয়ে জিজ্ঞাসা করতে আসা অভিভাবকদের সঙ্গে তীব্র তর্ক-বিতর্ক করেন।

অভিভাবকরা তড়িঘড়ি অঙ্গনওয়াড়ি কর্মী চেল্লাম্মলের বিরুদ্ধে কান্নিওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে এবং অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, একজন অঙ্গনওয়াড়ি কর্মীর এমন অমানবিক আচরণে তামিলনাড়ুজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন সকলে।

উল্লেখ্য, এর আগে ৪ঠা এপ্রিল তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার বলুরের কাছে সেনগুনমের কোল্লামেদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানে পুষ্টিকর খাবারের সঙ্গে ডিম দেওয়া হচ্ছে না কেন, তা জিজ্ঞাসা করায় শিশুদের ঝাড়ু দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল স্কুলের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গরম চামচ দিয়ে শিশুকে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।