৩ বছরের শিশুকন্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ নাবালকের, আটক ১৩ বছরের কিশোর

ছত্তীসগঢ়ের রায়পুরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। তিন বছরের একরত্তি শিশুকন্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৩ বছর বয়সের এক নাবালককে আটক করেছে পুলিশ। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক এবং বর্তমানে সে আইসিইউ-তে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাবালক যখন তার বাড়ি থেকে বের হয়, তখন দেখতে পায় পাশের বাড়ির শিশুটি বারান্দায় একা একা খেলছে এবং তার মা ঘুমোচ্ছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কিশোর শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখায় এবং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই সে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এদিকে, ঘুম ভাঙার পর যখন শিশুটির মা তার খোঁজ শুরু করেন, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন। গোটা পাড়া তন্ন তন্ন করে খুঁজেও মেয়ের কোনও সন্ধান পাননি। অবশেষে, তাঁরা বাড়ির কাছে রাস্তার ধারে শিশুটিকে খুঁজে পান। শিশুটি অঝোরে কাঁদছিল এবং তার জামা-কাপড়ে রক্তের দাগ ছিল। শিশুটিকে জিজ্ঞাসা করলে সে অভিযুক্ত কিশোরের নাম জানায়।
সঙ্গে সঙ্গেই শিশুটির অভিভাবকরা থানায় গিয়ে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারা (ধর্ষণ) এবং ৬৫(২) ধারায় (বারো বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ) মামলা রুজু করা হয়েছে। এছাড়াও, এই ঘটনায় পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছেন সকলে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্ত নাবালককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার দিকেও চিকিৎসকরা নজর রাখছেন।