আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, জেনেনিন কতটা হলো ক্ষয়-ক্ষতি?

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৪ বলা হলেও, পরবর্তীতে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৫ দশমিক ৯ মাত্রা রেকর্ড করেছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় ভোর ৪টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল। অন্যদিকে, ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের প্রভাবে ভারতের দিল্লি ও এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বহু বাসিন্দা ভোরের দিকে কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে, এই ঘটনায় ভারতেও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এদিকে, একই সময়ে তাজিকিস্তানেও ৫.৮ মাত্রার একটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য এশিয়ার এই দেশটিতে এটি তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। আফগানিস্তান ও কিরগিস্তানেও এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দিন আগেই মায়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। মঙ্গলবার রাতে তিব্বত ও বিকেলে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও সেখানে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়াও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, একটি পাহাড়ি ও জনবিরল এলাকা। স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতির কোনো খবর জানায়নি।