অ্যান্ড্রয়েড ১৩সহ আসছে গুগল পিক্সেল,জেনেনিন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে এল গুগল। ১৫ আগস্ট থেকে গুগল পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১৩ উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ফোনেও আপডেট চলে আসবে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য কিছু নতুন ফিচার আনা হয়েছে। টেকক্রাঞ্চের প্রতবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যান্ড্রয়েড ১৩ ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ওএস এবং অ্যাপের ব্যবহারকারী ইন্টারফেস কাস্টমাইজ করার জন্য আরো বেশি নিয়ন্ত্রণ পাবে। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৩-এর সঙ্গে ব্যবহারকারীরা তাদের ফোনের ওয়ালপেপার থিমের সঙ্গে মিলিয়ে নন-গুগল অ্যাপগুলো কাস্টমাইজ করতে পারবে। ফোনের ভাষা পরিবর্তন না করে বিভিন্ন ভাষায় স্মার্টফোন ব্যবহার করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৩-তে নতুন ডিজিটাল ওয়েলবিং ফিচার রয়েছে। গুগল জানিয়েছে, এ সফটওয়্যার ব্যবহারকারীরা ওয়ালপেপার ডিমিং ও ডার্ক থিমসহ বেডটাইম মোড কাস্টমাইজ করতে পারবে। এটির সুবিধা হলো ব্যবহারকারীরা অন্ধকারে চোখের ক্ষতি না করেও এ সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৩-তে নিরাপত্তা বৃদ্ধিতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ব্যবহারকারীরা অন্য অ্যাপের সঙ্গে শেয়ার করার জন্য নির্দিষ্ট ছবি ও ভিডিও নির্বাচন করতে পারবে। যেমন ফেসবুক প্লাটফর্মে ছবি শেয়ার করার সময় ব্যবহারকারীদের তাদের সম্পূর্ণ ফটো অ্যালবাম ফেসবুকের সঙ্গে শেয়ার করার দরকার নেই। এর পরিবর্তে তারা যে ছবিগুলো আপলোড করতে চায় তা নির্বাচন করতে পারবে এবং অ্যাপটিকে শুধু সেই নির্বাচিত ছবিগুলোয় অ্যাকসেস দিতে পারবে। এতে গুগল ক্লিপবোর্ডকে আরো উন্নত করা হয়েছে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে তাদের ই-মেইল, ফোন নম্বর বা লগইনের মতো সংবেদনশীল ডাটা কপি করলে অ্যান্ড্রয়েড ১৩ নির্দিষ্ট সময়ের পরে তাদের ক্লিপবোর্ডের হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ১৩-তে ব্যবহারকারীরা কেবল সেসব অ্যাপের সতর্কতা ও নোটিফিকেশন পাবে, যেগুলো তারা সাবস্ক্রাইব করেছে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা ডাউনলোড করা অ্যাপগুলোকে ডিফল্টরূপে নোটিফিকেশন পাঠানোর অনুমতি নাও দিতে পারে।