তেলেঙ্গনা সরকারের বড়ো সিদ্ধান্ত! অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হলে মিলবে ৪ লাখ ক্ষতিপূরণ

এপ্রিলের শুরু থেকেই দেশজুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মে মাসে লু বইতে পারে এবং এবছর গরম আরও বাড়বে। এই পরিস্থিতিতে দক্ষিণের রাজ্য তেলেঙ্গনা তাপপ্রবাহের মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে। তেলেঙ্গনা সরকার তাপপ্রবাহকে ‘রাজ্য দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছে।
সরকারি সূত্রে খবর, তেলেঙ্গানা সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের কোনো বাসিন্দা অতিরিক্ত তাপপ্রবাহ বা হিট স্ট্রোকে আক্রান্ত হলে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
তেলেঙ্গানা রাজ্য সরকার তাপপ্রবাহকে একটি “রাজ্য-নির্দিষ্ট দুর্যোগ” হিসাবে ঘোষণা করেছে। এর ফলে, তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল (SDRF) থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সরকারের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে তেলেঙ্গানায় তাপপ্রবাহ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কালেক্টররা তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাগুলি নিশ্চিত করবেন এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।
উল্লেখ্য, এর আগে তাপপ্রবাহে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার “আপদবন্ধু” প্রকল্পের অধীনে ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করত। নতুন ঘোষণার ফলে সেই সাহায্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল। এই পদক্ষেপের ফলে তেলেঙ্গানার সেই সকল পরিবার উপকৃত হবে যারা তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছেন এবং তাদের প্রিয়জনদের হারিয়েছেন।
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী, কোনো অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করলে এবং সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।