মেট্রোর কামরায় ভজন গাওয়ার জেরে বিতর্ক, কেন্দ্রীয় বাহিনী বাধা দিতেই যা হল? ভাইরাল ভিডিয়ো !

দিল্লি মেট্রো (Delhi Metro) সাম্প্রতিককালে বিভিন্ন কারণে প্রায়ই শিরোনামে উঠে আসছে। এবার ভাইরাল (Viral) হল মেট্রোর একটি নতুন ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, একদল মহিলা যাত্রী মেট্রোর কামরার মধ্যে বসে খোল ও করতাল বাজিয়ে ভজন গাইছেন। কিন্তু তাঁদের সেই ভজনে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী (CISF)। ভিড় মেট্রোর কামরায় এই ধরনের কাজ করা যাবে না বলে জানানো হয়। সেই মুহূর্তের ভিডিয়োটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একটি ভিড় ট্রেনে কিছু যাত্রী সিটে বসে এবং কেউ কেউ মেঝেতে বসে ভজন গাইছেন। তাঁদের সঙ্গে গলা মেলাচ্ছেন অন্যান্য সহযাত্রীরাও। একপ্রকার ছোটখাটো এক ভজনের আসর তৈরি হয়েছিল মেট্রোর কামরার মধ্যে। গানের আওয়াজ শুনে সেখানে এসে পৌঁছান কর্তব্যরত সিআইএসএফ (CISF) জওয়ানরা। তাঁরা ওই মহিলাদের গান গাইতে নিষেধ করেন।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিষেধাজ্ঞার পর ওই মহিলা যাত্রীরা তাঁদের আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন। এই ঘটনার পুরো ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ এই বিষয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মহিলা যাত্রীদের ভজন গাওয়াকে সমর্থন করেছেন এবং এটিকে স্বাভাবিক ও ধর্মীয় স্বাধীনতার প্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রকাশ্যে, বিশেষ করে চলন্ত মেট্রোর মতো জনবহুল স্থানে এই ধরনের আচরণকে অনুচিত বলে মনে করছেন। তাঁদের মতে, এতে অন্যান্য যাত্রীদের অসুবিধা হতে পারে এবং মেট্রোর পরিবেশের শালীনতা বজায় রাখা উচিত।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে, এই ঘটনা ফের একবার জনবহুল স্থানে যাত্রীদের আচরণ এবং নিয়মনীতি পালন নিয়ে বিতর্ক উস্কে দিল।