Weather: গরমের মধ্যেই নামবে বৃষ্টি, জেনেনিন বাংলায় বর্ষা নিয়ে কি বলছে হাওয়া অফিস?

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, বর্ষা নিয়েও সুখবর শুনিয়েছে মৌসম ভবন। এ বছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবনের মতে, দেশে বর্ষায় স্বাভাবিকের তুলনায় ৫ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে এবং বাংলাতেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে।
চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আজ ১৬ এপ্রিল, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমীঝঞ্ঝা প্রবেশ করবে। অন্যদিকে, একটি অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এছাড়াও, মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আরেকটি অক্ষরেখা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে এবং ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে হলেও ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে।
তাপমাত্রার পূর্বাভাস
আগামী কয়েক দিন কলকাতা ও জেলাগুলিতে তাপমাত্রার তেমন বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
কলকাতার পরিস্থিতি
আজ কলকাতার আকাশ সকালে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদের জন্য অস্বস্তি অনুভূত হতে পারে। তবে, বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে তাপমাত্রার তেমন বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম ছিল।