“আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী”-ডাকাতির ছক বানচাল, আরও চারজনকে খুঁজছে পুলিশ

পশ্চিম মেদিনীপুরের সবং থানার পুলিশ দিবাকর রোড এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তবে পুলিশের জালে চারজন ধরা পড়লেও, তাদের আরও কয়েকজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর। পলাতক বাকি চার দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
সবং থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ গোপন সূত্রে খবর আসে যে দিবাকর রোড এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল একত্রিত হয়েছে। এই খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। সেখানে একটি সাফারি গাড়ি আটক করে পুলিশ এবং গাড়ির মধ্যে থাকা চারজন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করে। তবে সুযোগ বুঝে বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া চারজনের নাম সাহিল ঢালি (২১), রমজান পাইক (৩৪), ভোলা যাদব (২৫) ও সুরজ পি আচার্য (২০)। এদের মধ্যে সাহিল ও রমজানের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও বিধাননগরে। ভোলা ও সুরজের বাড়ি খড়্গপুর টাউন থানার নিউ সেটেলমেন্ট এলাকায়।
ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান, একটি কার্তুজ, কাটারি, ছুরি, শাবল ও তরোয়ালের মতো বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের দুই যুবকের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার এই দুষ্কৃতী দলের সদস্যরা যোগাযোগ করে সবং-সহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করছিল। পুলিশ আরও জানিয়েছে, এই গ্যাং-এর মূল পরিকল্পনাকারী ছিল দক্ষিণ ২৪ পরগনার দুষ্কৃতীরাই।
জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ধৃত চারজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পলাতক বাকি চারজনের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।