রূপমের ‘খাস একক’, ১২ বছরে ষাটতম আসর, প্রকাশ পাবে ‘গান সমগ্র ২’

আগামী ১৯ এপ্রিল, জি. ডি. বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপম ইসলামের বিশেষ একক সঙ্গীতানুষ্ঠান – ‘একক’। এই মঞ্চে রূপম থাকবেন একা এবং গাইবেন সেই গানগুলি, যা সাধারণত নিয়মিতভাবে গাইবার সুযোগ হয় না। ‘একক’ সঙ্গীত সিরিজের এটি ষাটতম অনুষ্ঠান হতে চলেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ‘বোরোলিনের খাস একক’ অনুষ্ঠানেই প্রকাশিত হবে তাঁর গান সংকলনের দ্বিতীয় খণ্ড – ‘গান সমগ্র ২’।
শিল্পী রূপম ইসলাম এই বিশেষ অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বারো বছরে ষাটতম ‘একক’ সত্যিই খাস। বারো বছর মানে একটা যুগ। ‘ফসিলস’-এর পাশাপাশি অপরিচিত গান গেয়ে যে বিকল্প মঞ্চ তৈরি করতে পেরেছি, তাতেই আমি খুশি। আমার প্রতিটি ‘একক’ পূর্ণ প্রেক্ষাগৃহের সম্মান পেয়েছে – এটা সত্যিই একটা খাস ব্যাপার। এটাকে উদযাপন করতে আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যা সচরাচর ‘একক’-এ দেখা যায় না। অন্যদিকে আমার যাবতীয় গান প্রকাশ করছে আনন্দ পাবলিশার্স। এই ‘গান সমগ্র’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ পাবে এদিন। আর বোরোলিনের মতো একটি ঐতিহ্যপূর্ণ ব্র্যান্ড এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে, এটা সত্যিই গর্বের।”
২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম ইসলামের ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতাকে নিয়ে এক অন্তরঙ্গ সমাবেশের মাধ্যমে ‘একক’-এর যাত্রা শুরু হয়েছিল। আজ এটি শহর কলকাতার অন্যতম উল্লেখযোগ্য লাইভ কনসার্টে পরিণত হয়েছে। রূপম ইসলামের এই অনুষ্ঠান তার নিজস্ব বৈশিষ্ট্য এবং আন্তরিকতার মাধ্যমে সঙ্গীতানুরাগীদের মন জয় করেছে। এখানে শিল্পী স্টেজে সম্পূর্ণ একা থাকেন এবং গিটার, কি-বোর্ড, ইউকুলেলে ও হারমোনিকার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সঙ্গীতের এক গভীর বন্ধন তৈরি করেন।
প্রেম-অপ্রেম, লাভ-ক্ষতি, অবিচার-প্রতিরোধ, বিশ্বাস-ভণ্ডামি এবং বৃহত্তর কিছুর জন্য সংগ্রাম – এই সমস্ত বিষয় রূপমের গানের হাত ধরে ‘একক’-এর পরিবেশনায় উঠে আসে। তাঁর কণ্ঠস্বর এবং বাদ্যযন্ত্রের মেলবন্ধনে রূপম ইসলাম তাঁর আবেগকে সঙ্গীতে প্রতিধ্বনিত করেন। এটি কেবল একটি কনসার্ট সিরিজ নয়, বরং অনুভূতির এক মিলনক্ষেত্র।
২০১৩ সালের ২৫শে মে, আইসিসিআর অডিটোরিয়ামে তাঁর দ্বিতীয় একক কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। সেটাই ছিল শুরু। এই বারো বছরে তাঁর কণ্ঠস্বর, আবেগ এবং প্রকাশ যেন এক বিশেষ আন্দোলনে পরিণত হয়েছে।
এবার এই ‘খাস একক’-এ প্রকাশিত হতে চলেছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত “গান সমগ্র ২”, যা রূপম ইসলামের পূর্ণাঙ্গ গান সম্ভারের দ্বিতীয় খণ্ড। একশোটি নির্বাচিত গান নিয়ে তৈরি এই সংকলন তাঁর বহুমাত্রিক সঙ্গীত জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরবে। সঙ্গীতপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রূপমের এই বিশেষ পরিবেশনা এবং তাঁর নতুন গান সংকলনের জন্য।