এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়া শুরু, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে তার ভিসার মেয়াদ মাত্র তিন মাস। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন গোতাবায়া। সেখানে তার বউ ও সন্তান নিয়ে বসবাস করতে চান। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত মাসেই গোতাবায়ার আইনজীবী যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া শুরু করেন। তার স্ত্রী ইওমা রাজাপাকসে মার্কিন নাগরিক হওয়ার কারণে তিনিও আবেদনের যোগ্য। প্রক্রিয়াটি এগিয়ে নিতে কলম্বোয় তার আইনজীবীরা অন্য যেসব নথি প্রয়োজন হবে সেগুলো গোছাতে কাজ করছেন।

গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার (১১ আগস্ট) সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে পৌঁছান। থাইল্যান্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি প্রাইভেট জেটে করে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

থাইল্যান্ডের কোন হোটেলে তিনি উঠেছেন তার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে তার নিরাপত্তায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে হোটেলের আশপাশে। তাছাড়া নিরাপত্তার কারণে কর্মকর্তারা গোতাবায়াকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।

সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। এরপর সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। গোতাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *