ধারাবাহিকতাহীন কেকেআর, ঘরের মাঠে শ্রেয়সের পঞ্জাবের বিরুদ্ধে প্রথম জোড়া জয়ের লক্ষ্যে নাইটরা

ধারাবাহিকতা যেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এই মরশুমের আইপিএলে (IPL 2025) অধরা। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে ১০৩ রানে বেঁধে ফেলার কৃতিত্ব দেখালেও, নিজেদের মাঠেই পরের ম্যাচে ২৩৮ রান হজম করতে হয়েছে নাইটদের। এক ম্যাচে দাপট দেখালে পরের ম্যাচেই হার – এই যেন KKR-এর চেনা ছবি। মরশুমে প্রথমবার নাগাড়ে দুটি ম্যাচ জেতার জন্য মরিয়া নাইট শিবির। তবে তাদের সামনে আজ তৃতীয় খেতাব জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পঞ্জাব কিংস (PBKS)।
আজ ইডেন গার্ডেন্সে কেকেআর সমর্থকদের কাছে এক অন্যরকম অনুভূতি। তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। কেকেআরের পথের কাঁটা হয়ে উঠতে পারেন এই মুম্বইকর। বর্তমানে মরশুমে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়স ৮৩.৩৩ গড়ে এবং ২০৮-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছেন। স্বপ্নের ফর্মে থাকা শ্রেয়সের উপর অনেকটাই নির্ভর করছে পঞ্জাব দল। কেকেআরের শক্তিশালী বোলিং আক্রমণ ভোঁতা করার মূল দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
KKR-এর সাফল্যের অন্যতম চাবিকাঠি তাদের স্পিন আক্রমণ। সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তীর জুটি বহু ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন। তবে শ্রেয়সের স্পিনারদের বিরুদ্ধে দাপটের ইতিহাস রয়েছে। যদিও নারাইনদের নেটে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে, ম্যাচের পরিস্থিতি যে আলাদা। কেকেআরের স্পিনাররা ২০.৬২ গড়ে এবং ৬.৭৩ ইকোনমিতে এই মরশুমে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। তাই শ্রেয়স বনাম নারাইন-বরুণ দ্বৈরথ আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অন্যদিকে, পঞ্জাবের স্পিনার যুজবেন্দ্র চাহাল এখনও নিজের সেরা ফর্মে নেই, গত ম্যাচে চার ওভারে ৫৬ রান দিয়েছেন তিনি।
অন্যদিকে, আজকের ম্যাচ যেন দুই মুম্বইকরের মস্তিষ্কের লড়াইও। শ্রেয়সের বিপরীতে KKR-এর অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন অজিঙ্ক রাহানে। রাহানের তত্ত্বাবধানে মুম্বই এবারের রঞ্জি সেমিফাইনালে পৌঁছেছিল, অন্যদিকে শ্রেয়সের নেতৃত্বে মুম্বই জিতেছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফি। দুজনের নেতৃত্বগুণই প্রশংসিত হয়েছে বারবার। এই দুই ঠান্ডা মাথার ক্রিকেটারের লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।