বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় তরুণীকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশের বুক থেকে আরও একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শাসিত বাংলাদেশে খিলগাঁও এলাকায় প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে মারধরের দৃশ্য ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ধরা পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, খিলগাঁওয়ের ‘আপন কফিশপ’-এর সামনের রাস্তায় মেরুন রঙের পোশাক পরিহিত এক তরুণীকে এক যুবক লাঠি বাগিয়ে মারধর করছে। ঘটনার পর থেকে ওই তরুণীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলেও, ঘটনাটি গত ১১ই এপ্রিলের বলে খবর।
এদিকে, মারধরের শিকার ওই তরুণী এখন কোথায়, তা নিয়ে ক্রমশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ‘আপন কফি হাউস’-এর সামনে থেকে তিনজনকে হেফাজতে নিয়েছে। তাদের জেরা চলছে। তবে আটককৃতরা দাবি করছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রশ্ন উঠছে, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করা কতটা যুক্তিসঙ্গত। ভিডিওতে দেখা গেছে, আশেপাশে বহু লোক দাঁড়িয়ে ঘটনাটি দেখলেও, কেউই কোনো প্রতিবাদ করেননি।
ধৃতরা জেরার মুখে জানিয়েছে, ওই তরুণী প্রায়শই ‘আপন কফি হাউস’-এ এসে বিরক্ত করতেন। তবে এই তিনজনের বক্তব্য কতটা সত্যি, তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য তরুণীর সন্ধান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, তরুণীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই তরুণীর মোবাইল নম্বর বা বাড়ির ঠিকানার কোনো হদিশও বাংলাদেশের পুলিশ পায়নি বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।