ধোনি ধামাকা! খাদের কিনারা থেকে চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মাহি

ফের একবার আইপিএলের মঞ্চে দেখা গেল সেই চেনা ধোনি ঝড়। হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া চেন্নাই সুপার কিংসকে (CSK) আবারও জয়ের রাস্তায় ফেরালেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লখনউ সুপার জায়ান্টসের (LSG) ঘরের মাঠে এক রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। লখনউয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে সিএসকে। মাত্র ১১ বলে ২৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন ‘ক্যাপ্টেন কুল’।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই লখনউ সুপার জায়ান্টস নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় পাওয়ার প্লে-তে বড় রান তুলতে ব্যর্থ হয়। ওপেনার মিচেল মার্শ ৩০ রানের একটি ইনিংস খেললেও বড় স্কোর করতে পারেননি। প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নামা ঋষভ পন্থ কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। লখনউ অধিনায়ক কার্যত একাই দলের ইনিংস টানেন। সেট হওয়ার পর বেশ কয়েকটি আক্রমণাত্মক শট খেলেন তিনি। পন্থের ব্যাট ভর করেই ১৫০ রানের গন্ডি পার করে এলএসজি।

শেষের দিকে ঋষভ পন্থকে যোগ্য সঙ্গ দেন আবদুল সামাদ। পন্থ ও সামাদ মিলে অর্ধশতরানের জুটি গড়েন। আবদুল সামাদ ২০ রান করে আউট হন। শেষ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন পন্থ। ৪৯ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংসের হয়ে রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার শেইক রাশিদ ও রাচিন রবীন্দ্র পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের ভালো শুরু এনে দেন। তারা ৫০ রানের পার্টনারশিপও গড়েন। কিন্তু শেইক রাশিদ ২৭ ও রাচিন রবীন্দ্র ৩৭ রান করে আউট হতেই চাপে পড়ে যায় সিএসকের মিডল অর্ডার। রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা ও বিজয় শঙ্কর কেউই বড় রান করতে পারেননি।

১১১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে চেন্নাই। রানের গতিও কমে যায়। মনে হচ্ছিল আরও একটি পরাজয় সময়ের অপেক্ষা। ঠিক তখনই ক্রিজে আসেন ‘ফিনিশার’ ধোনি। শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে শুধু ম্যাচ জেতানো পার্টনারশিপই গড়েননি, আরও একবার প্রমাণ করে দিলেন ধোনিরা ফিনিশ করে, ফিনিশ হয় না। শিবম দুবে ৩৭ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ম্যাচের নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মাত্র ১১ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস।