কিডনিতে পাথর? আচমকা পোস্টে চিন্তায় ভক্তরা, মুখ খুলতে নারাজ সৌমিতৃষা

সোমবার রাতে আচমকাই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি রহস্যময় পোস্ট দেখা যায়। পোস্টে ছিল একটি কিডনির ছবি, যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল পাথর। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখেই রাতের ঘুম উড়ে যায় অভিনেত্রীর অগুনতি ভক্তের। তাঁদের প্রিয় ‘মিঠাই’ তারকার শারীরিক অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। এখনও অভিনেত্রীর জন্মদিনে ভক্তরা মন্দিরে পুজো দেন, তাঁর নামে মানত করেন। নতুন ছবি বা সিরিজ মুক্তির আগেও ভালোবাসার এই মানুষগুলো ছুটে যান ভগবানের দরবারে।

সত্যিই কি কিডনিতে স্টোন হয়েছে সৌমিতৃষার? কেমন আছেন তিনি? এই প্রশ্নগুলির উত্তর জানতে নববর্ষের সকালেই ফোন করা হয় অভিনেত্রীর কাছে। ততক্ষণে অবশ্য ইনস্টাগ্রাম থেকে সেই পোস্টটি মুছে ফেলেছেন তিনি। ফোন ধরতেই ‘মিঠাই-নায়িকা’র কাছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জানান, ‘আমি না এটা নিয়ে কিছু বলতে চাইছি না’। যদিও ‘কেমন আছেন’ এই প্রশ্নের উত্তরে একগাল হেসে তিনি বলেন, ‘আমি ভালো আছি’। এরপর দু’তরফের নববর্ষের শুভেচ্ছাও বিনিময় হয়।

সৌমিতৃষার আগামী কাজ:

ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছে সৌমিতৃষার ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর পোস্টার। প্রথম সিজনটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। শোনা যাচ্ছে, অগস্ট মাস থেকে নতুন সিজনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং বছরের শেষ দিকে ওটিটিতে এটি মুক্তি পাবে।

তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘১০ই জুন’। যদিও মুক্তির কয়েক দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকাই তিনি এই ছবি থেকে সরে দাঁড়ান। ফলে ছবির প্রচারেও তাঁকে দেখা যায়নি। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন সৌরভ দাস। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেওয়া সৌমিতৃষার বড় পর্দায় হাতেখড়ি হয়েছিল দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমার মাধ্যমে। দেব এবং সৌমিতৃষার জুটি দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়েছিল।

সূত্রের খবর, খুব শীঘ্রই একটি নায়িকাকেন্দ্রিক সিনেমাতেও কাজ করতে দেখা যেতে পারে সৌমিতৃষাকে। যদিও এই বিষয়ে এখনও গোপনীয়তা বজায় রাখা হয়েছে। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য শুভকামনা জানাচ্ছেন। ‘পছন্দের নায়িকা’ সুস্থ থাকুন, আপাতত এটাই প্রার্থনা সকলের।