সৌমিত্রের নাতনি মেখলার বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব, বাংলা গানের পর নাচেও মাতাবেন পেরু

মুম্বইয়ে বাঙালি কন্যার সাফল্যের ধারা অব্যাহত। প্রতি বছরই নতুন নতুন প্রতিভার আগমন ঘটে। সেই তালিকায় কয়েক বছর আগেই নিজের স্থান পাকা করে নিয়েছেন মেখলা বসু। হিন্দি ছবি ‘ইয়ে ব্যালে’ এবং ওয়েব সিরিজ ‘ওয়্যাক গার্লস’-এ তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এবার আরও এক নতুন পালক জুড়ল তাঁর মুকুটে। মেখলা বসু ‘ওয়্যাকিংওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন।
কলকাতার মেয়ে মেখলা, কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি। টলিউডের সঙ্গেও তাঁর আত্মিক যোগ রয়েছে। তবে নৃত্যশিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। সম্প্রতি ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডায় মেখলা তাঁর এই জার্নি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
ইটিভি ভারত: ওয়্যাকিং ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, প্রস্তুতি কেমন চলছে?
মেখলা: টিম ইন্ডিয়াকে পেরুতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে স্পনসর খোঁজা হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই প্রস্তুতি শুরু হবে। আপাতত আমরা স্পনসরদের জন্য টিম ইন্ডিয়া পিচ তৈরি করছি। আর আমাদের নাচের প্র্যাকটিস তো নিয়মিত চলছেই।
ইটিভি ভারত: মুম্বইতেই আপনার কাজের পরিধি বিস্তার লাভ করেছে। কলকাতার দর্শক সেভাবে আপনাকে পাচ্ছেন না কেন?
মেখলা: বিষয়টি ঠিক তেমন নয়। আমি ১৬ বছর বয়স থেকেই কলকাতায় কাজ করেছি। এখন আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি এবং বিভিন্ন ধরনের কাজ শিখছি।
ইটিভি ভারত: আপনি মূলত নৃত্যশিল্পী। মুম্বইতে নৃত্যশিল্পীদের কদর এবং সুযোগ কেমন?
মেখলা: মুম্বইতে নৃত্যশিল্পীদের যথেষ্ট কদর রয়েছে। বড় ইন্ডাস্ট্রিতে যেমনটা হয় আর কি। এখানে খুব ভালো সুযোগও রয়েছে। তবে হ্যাঁ, পরিশ্রমের উপর সবকিছু নির্ভর করে। পরিশ্রম করলে কদর এবং সুযোগ দুটোই পাওয়া যায়।
কয়েক বছর ধরে অভিনয়েও মেধার স্বাক্ষর রেখেছেন মেখলা। ‘ওয়্যাক গার্লস’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। তার আগে ‘ইয়ে ব্যালে’ ছবিতেও তিনি প্রশংসিত হয়েছেন। ২০ বছর বয়স থেকে নাচকে কেন্দ্র করেই নিজের কেরিয়ার গড়ে তুলেছেন মেখলা। অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। মা পৌলমী বসুর নাটকের দল ‘মুখোমুখি’-তে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালমৃগয়া’র কোরিওগ্রাফি করেছেন মেখলা। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলেন। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ওয়ান’ ছবিতেও মেখলা ও তাঁর দল কোরিওগ্রাফি করেন।
ইটিভি ভারত: নাচ এবং অভিনয়, দুটোর মধ্যে ভালোবাসার পাল্লা কোন দিকে ভারী?
মেখলা: আমার কাছে এখন দুটোর প্রতি ভালোবাসাই সমান। কারণ একজন নৃত্যশিল্পীকে একজন ক্রীড়াবিদের মতো শারীরিক সক্ষমতা, অভিনেতার মতো আবেগ ও বিশ্বাসযোগ্যতা এবং একজন মডেলের মতো নান্দনিকতা – সবকিছুই নাচের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। অর্থাৎ নাচের মধ্যেই সবকিছু বিদ্যমান।
ইটিভি ভারত: নাচ কবে থেকে শিখছেন?
মেখলা: ২০১১ সাল থেকে। এবং আমি আমার ক্রিউ মেম্বারদের কাছ থেকেই শিখেছি। পরে অনেক আন্তর্জাতিক নৃত্যশিল্পীর ওয়ার্কশপ থেকেও শিখেছি। আমার ন্যাশনাল সিনের বন্ধুদের কাছ থেকেও অনেক কিছু জেনেছি।
ইটিভি ভারত: আপনার অভিনীত কোনো ছবি বা সিরিজ কি আপনার দাদু দেখেছেন?
মেখলা: হ্যাঁ, ‘ইয়ে ব্যালে’ উনি নেটফ্লিক্সে দেখেছিলেন। কিন্তু ‘ওয়্যাক গার্লস’ রিলিজ হওয়ার সময় উনি আর ছিলেন না। তাই ওটা দেখা হয়নি।
স্কুলজীবনের পর নাচকে সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন মেখলা। মুম্বই থেকে কাজের সুযোগ আসতে শুরু করে। এরপর ২০২৩ সাল থেকে পাকাপাকিভাবে মুম্বইবাসী হন তিনি। মুম্বইতেই নাচের কেরিয়ার গড়ে তুলেছেন এবং সেই পথ ধরেই এবার পেরুতে অনুষ্ঠিত ‘ওয়্যাকিং ওয়ার্ল্ড’ ডান্স ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন।
ইটিভি ভারত: বাংলায় কাজ করতে ইচ্ছুক?
মেখলা: কেন নয়? অবশ্যই করব। আমি ভীষণভাবে আগ্রহী।
ইটিভি ভারত: ডান্স রিয়ালিটি শো’গুলিতে আজকাল নাচ কম জিমনাস্টিক বেশি দেখতে পাওয়া যায়। আপনার কী মত এই নিয়ে?
মেখলা: না, এই বিষয় নিয়ে আমার কোনো মত নেই। এই ব্যাপারে আমি কিছু বলব না।
ইটিভি ভারত: সেলেব সন্তান বা নাতনি হওয়ার সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে। আপনার ক্ষেত্রে নাতনি হওয়ার সুবাদে কোনটা বেশি কাজ করেছে?
মেখলা: আমার জন্য সবকিছু নিউট্রাল ছিল বা আজও আছে। অসুবিধা বা সুবিধা কোনোটা আমার ক্ষেত্রে কাজ করেনি। লোকজন আমাকে খুবই সাধারণভাবে দেখেছে। আর এতেই আমি ধন্য।
ইটিভি ভারত: দাদুর কাছ থেকে অভিনয়ের টিপস পেয়েছেন কখনও?
মেখলা: না। আমি আসলে খুব কম দিন হল শুরু করেছি। কিছু টিপস লাগলে মাকেই জিজ্ঞেস করি। দাদুর সঙ্গে নানা বিষয়ে কথা হত ঠিকই, কিন্তু অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সেভাবে কথা হয়নি কখনও।
ইটিভি ভারত: বিরসা দাশগুপ্তর ‘ওয়ান’ ছবির পর কোরিওগ্রাফি নিয়ে আর কোনও নির্মাতার সঙ্গে কথা হয়েছে?
মেখলা: হ্যাঁ, কথা তো চলছে একটা কাজ নিয়ে। তবে এক্ষুণি এই কাজটা নিয়ে কিছু বলা যাবে না।
ইটিভি ভারত: বলিউডে আপনার পছন্দের নায়ক, নায়িকা?
মেখলা: করিশ্মা কাপুর এবং পরেশ রাওয়াল।
উল্লেখ্য, ‘ওয়্যাকিং’ বা ‘হোয়্যাকিং’ (waacking) হল স্ট্রিট ডান্সের একটি বিশেষ শৈলী, যা ১৯৭০ সালে লস এঞ্জেলসের সমকামী ক্লাবগুলিতে জনপ্রিয়তা লাভ করে। এই বিশেষ নৃত্যশৈলীকে কেন্দ্র করেই ‘ওয়্যাকিং ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয় এবং সেখানে ভারতের দলনেতা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাংলার মেয়ে মেখলা বসু।