“বয়স বাড়লে চেহারায় আসবে কতটা পরিবর্তন”-ChatGPT-তে দেখবেন যেভাবে?

সময়ের স্রোতে চেহারায় বয়সের ছাপ পড়া এক স্বাভাবিক প্রক্রিয়া। তবে কেমন হবে সেই পরিবর্তন, তা নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। এবার সেই কৌতূহল মেটানোর সুযোগ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। জনপ্রিয় এআই মাধ্যম চ্যাটজিপিটির সাহায্যে এখন যে কেউ আগেভাগেই দেখে নিতে পারছেন ৪০, ৫০ বা ৬০ বছর বয়সে তাদের মুখাবয়বে কী ধরনের পরিবর্তন আসতে পারে।
চ্যাটজিপিটির নতুন ছবি তৈরির সুবিধা ব্যবহার করে খুব সহজ কয়েকটি ধাপে ভবিষ্যতের সম্ভাব্য মুখচ্ছবি দেখে নেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন কেবল একটি স্পষ্ট ছবি।
কীভাবে দেখবেন ভবিষ্যতের মুখচ্ছবি:
১. ছবি আপলোড: প্রথমে ব্যবহারকারীকে তার সাম্প্রতিক একটি পরিষ্কার ছবি চ্যাটজিপিটিতে আপলোড করতে হবে। খেয়াল রাখতে হবে ছবিতে যেন মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায়।
২. সুনির্দিষ্ট প্রম্পট: পরিষ্কার ছবি আপলোড করার পর চ্যাটজিপিটিকে একটি সুনির্দিষ্ট প্রম্পট দিতে হবে। আপনি কোন বয়সে নিজের চেহারা দেখতে চান, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি এমন প্রম্পট দিতে পারেন: ‘ক্যান ইউ শো মি হোয়াট আই মাইট লুক লাইক ইন মাই ফোরটিস বেজড অন দিস ফটো?’ (এই ছবির ওপর ভিত্তি করে চল্লিশ বছর বয়সে আমাকে কেমন দেখাতে পারে, তা কি দেখাতে পারবেন?)। কেউ চাইলে একটি প্রম্পটে একাধিক বয়সের কথাও উল্লেখ করতে পারেন, যেমন – ‘ক্যান ইউ শো মি হোয়াট আই মাইট লুক লাইক ইন মাই ফোরটিস, ফিফটিস, অ্যান্ড সিক্সটিস?’
৩. প্রক্রিয়াকরণ ও ফলাফল: প্রম্পট দেওয়ার পর চ্যাটজিপিটি ছবিটি প্রক্রিয়াকরণ শুরু করবে। কয়েক মিনিটের মধ্যেই এআই আপনার দেওয়া বয়সের ওপর ভিত্তি করে একটি সম্ভাব্য মুখচ্ছবি তৈরি করে দেখাবে।
তবে এটা মনে রাখা জরুরি যে, চ্যাটজিপিটি যে ছবি তৈরি করে, তা কিন্তু বাস্তব নয়। এটি সম্পূর্ণরূপে একটি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি ভবিষ্যদ্বাণী। বাস্তব জীবনে আপনার চেহারায় কী ধরনের পরিবর্তন আসবে, তা বহুলাংশে নির্ভর করে আপনার স্বাস্থ্য, জীবনযাপন এবং পরিবেশগত বিভিন্ন বিষয়ের উপর।
এই প্রযুক্তি কেবল একটি মজার কৌতূহল মেটানোর হাতিয়ার হতে পারে। তবে ভবিষ্যতের চেহারার সঠিক পূর্বাভাস জানার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলাই বুদ্ধিমানের কাজ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া