“সব জায়গায় খেলতে আমি প্রস্তুত”-রিটায়ার্ড আউটের পরের দুই ম্যাচেই ফিফটি, মুখ খুললেন তিলক

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের তিলক বার্মাকে ‘রিটায়ার্ড আউট’ করার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে বিস্তর আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে সেই বিতর্কিত ঘটনার পরের দুটি ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই তরুণ ব্যাটসম্যান। গতকাল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো ৫৯ রানের ইনিংস খেলার পর অবশেষে সেই ‘রিটায়ার্ড আউট’ নিয়ে মুখ খুললেন তিলক বার্মা।
দলের স্বার্থেই ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করেন তিলক। তিনি জানিয়েছেন, ঘটনাটিকে তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তিলক বলেন, ‘আমার কিছু মনে হয়নি। আমি বুঝতে পেরেছিলাম, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইতিবাচক ভাবে বিষয়টা দেখছি। আপনি কীভাবে বিষয়টা ভাবছেন সেটাই আসল। আমি ইতিবাচক ভাবে দেখছি।’
মুম্বাই ইন্ডিয়ান্সের এই নির্ভরযোগ্য ব্যাটার আরও স্পষ্ট করে দিয়েছেন যে দলের প্রয়োজনে তাকে যে কোনও ব্যাটিং পজিশনে পাঠানো হোক না কেন, তিনি সেখানেই খেলতে প্রস্তুত। তিলক বলেন, ‘আমাকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক না কেন, আমি একই মানসিকতা নিয়ে খেলতে চাই। আমিই কোচকে সেই কথা জানিয়েছি। সব জায়গায় খেলতে আমি প্রস্তুত। আমি নিজের সেরাটা দিতে চাই।’
প্রসঙ্গত, লক্ষ্ণৌর বিপক্ষে শেষ সাত বলে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল মুম্বাইয়ের। সেই সময় তিলক ২৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন। ঠিক তখনই তাকে ‘রিটায়ার্ড আউট’ করার মতো সাহসী সিদ্ধান্ত নেয় মুম্বাই টিম ম্যানেজমেন্ট এবং মিচেল স্যান্টনারকে মাঠে নামানো হয়। যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত ১২ রানে পরাজিত হয় মুম্বাই।
তবে, পরের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ বলে বিধ্বংসী ৫৬ রানের ইনিংস খেলেন তিলক। যদিও সেই ম্যাচে ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে হারে মুম্বাই। অবশেষে গতকাল দিল্লির বিপক্ষে ৩৩ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিলক। তার ব্যাটের ওপর ভর করেই মুম্বাই ২০৫ রানের লড়াকু স্কোর গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ১২ রানে ম্যাচ জিতে নেয়।
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিলকের এই ইতিবাচক মন্তব্য নিঃসন্দেহে দলের মনোবল আরও বাড়িয়ে তুলবে এবং ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্ত কিছুটা হলেও প্রশমিত করবে বলে আশা করা যায়।