“মেশানো হচ্ছিল জল ও ‘বিষাক্ত’ কেমিক্যাল”-দুধে ভেজাল মেশানোর অভিযোগে গ্রেপ্তার ৩

দুধে ভেজাল মেশানোর অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভেজাল দুধ বোঝাই একটি ট্যাঙ্কারও। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার হোসনাবাদ এলাকায়।

রবিবার পোলবার হোসনাবাদে একটি হোটেলের সামনে একটি দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে নীল রঙের কনটেনারে ভরা হচ্ছিল। অভিযোগ, সেই দুধের পরিমাণ বাড়ানোর জন্য তাতে জল ও ‘বিষাক্ত’ কেমিক্যাল মেশানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং হাতেনাতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ এখন খতিয়ে দেখছে এই ভেজাল দুধ কারবারের পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভেজাল দুধ হুগলির বিভিন্ন এলাকায় বিক্রি করা হত। রবিবার সকালে ভেজাল দুধের কনটেনার ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। এরপর পোলবা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং সৌরভ পাল, ফিরদৌস মল্লিক ও শুভরাজ মালিক নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। সৌরভ পালের বাড়ি নদিয়ার তেহট্টে এবং বাকি দু’জনের বাড়ি হুগলির ধনেখালির হারপুরে।

সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ এই ভেজাল দুধ চক্রে আর কারা জড়িত রয়েছে এবং ভেজালের উৎস কোথায়, তা জানার জন্য তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, হুগলিতে এর আগেও ভেজাল দুধ বিক্রির কারবার প্রকাশ্যে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ।