টেনে খুলে ফেলা হল মহিলার হিজাব, প্রতিবাদ করে প্রহৃত হলেন হিন্দু যুবকও, গ্রেফতার ৬

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যখন প্রতিবাদ অব্যাহত, তখন উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। গত মঙ্গলবার, ১৫ই এপ্রিল তারিখে খালাপাড় এলাকায় এক মহিলা ঋণ আদায় করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোর করে তার হিজাব খুলে নেয় বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ধারণ করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক মহিলাকে ঘিরে ধরে তার হিজাব টানাহেঁচড়া করে খুলে দিচ্ছে। মহিলার সঙ্গে থাকা এক যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্থা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ফারহিন নামে ওই মহিলা এবং সচিন নামে এক যুবক একটি ঋণ প্রদানকারী সংস্থার কর্মী। তারা তাদের কাজের সূত্রে মুজাফফরনগরের খালাপাড়ে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করা। তবে, সেখানে পৌঁছানোর পর স্থানীয় কয়েকজন তাদের ঘিরে ধরে এবং শারীরিকভাবে ও মানসিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, সচিনের বাইকে করে ফারহিন খালাপাড়ে যান। ঘটনার সময় এলাকারই এক ব্যক্তি পুরো বিষয়টি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই স্থানীয় পুলিশের নজরে আসে এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ফারহিন ও সচিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মুজাফফরনগরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যুবক ও যুবতী তাদের কাজ সেরে ফেরার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পথ আটকায় এবং হেনস্থা করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশে ওয়াকফ আইন নিয়ে বিতর্ক চলছে। জোর করে এক মহিলার হিজাব খুলে নেওয়ার ঘটনায় বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।