বাইকে লাগানো হলো আগুন-পুলিশের উপর হামলা, জ্বলছে ভাঙড়, ওয়াকফ প্রতিবাদে ব্যাহত জনজীবন

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বজায় থাকার মধ্যেই এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাঙড়। সোমবার সকাল থেকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। প্রতিবাদকারীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, উন্মত্ত জনতা কলকাতা পুলিশের একটি প্রিজন ভ্যান উল্টে দেয় এবং পুলিশের একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। রাস্তার বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদকারীরা, যার জেরে ভাঙড় থেকে কলকাতাগামী বাসন্তী হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পুলিশের গাড়িতে ভাঙচুরের খবরও পাওয়া যাচ্ছে।
জানা গিয়েছে, কলকাতায় রামলীলা ময়দানে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ভাঙড় থেকে দলীয় কর্মীরা যাচ্ছিলেন। ISF কর্মীদের অভিযোগ, বাসন্তী হাইওয়েতে পুলিশ তাঁদের বাধা দেয়। এর জেরেই ভাঙড়ের ভোজেরহাট এলাকায় অশান্তি শুরু হয়। তিন রাস্তার মোড়ে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। সেখানেই অবরোধ শুরু করেন ISF কর্মীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রী তো বলেছেন, এ রাজ্যে নতুন ওয়াকফ আইন লাগু হবে না। আমরাও তো সেটাই চাই। সেই কারণেই আমরা শিয়ালদহে সমাবেশের আয়োজন করেছি। তাহলে আমাদের কর্মীদের সেখানে যেতে বাধা দিল কেন পুলিশ? শুধু কি তৃণমূলই এ রাজ্যে মিছিল করবে? অন্য কেউ কি পারবে না?”
অন্যদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “দিল্লিতে গিয়ে আন্দোলন করা উচিত, পশ্চিমবঙ্গে নয়। আমরা যখন রাস্তায় নামি, তখন সব ধরনের মানুষের সমস্যা হয়। কিন্তু যেখানে আইন কার্যকর হচ্ছে না, সেখানে বিক্ষোভ করে তো কোনও লাভ নেই। আমরা মানুষের অসুবিধা করে তো কিছু করতে পারি না।”
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর দুষ্কৃতী হামলার খবরের আবহের মধ্যেই ভাঙড়ের এই ঘটনা নতুন করে চাপা উত্তেজনা সৃষ্টি করেছে। ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ের পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে এবং বাসন্তী হাইওয়ে বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।