সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির লাল সতর্কতা, কাঁপতে পারে দক্ষিণবঙ্গ

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি দেখা গেছে। এমনকি শিলাবৃষ্টিও হয়েছে কিছু অঞ্চলে।
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। বাদ যাবে না কলকাতা শহরও।
এই মুহূর্তে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের জন্য বিশেষভাবে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং কালবৈশাখীর তীব্রতা বেশি থাকার আশঙ্কা রয়েছে।
রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড়-বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার পর উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন ঘটবে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে তেমন কোনও ঝড়-বৃষ্টির সতর্কতা নেই। তবে পাহাড়ের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
সকালের তীব্র গরমের পর সন্ধ্যায় এই ঝড়-বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের। তবে লাল সতর্কতা জারি থাকার কারণে সকলকে সাবধানে থাকার এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।