প্রতিশোধের ম্যাচে শ্রেয়াসের দিকে তাকিয়ে পাঞ্জাব, কেকেআরের বিরুদ্ধে কঠিন লড়াই ঘরের মাঠে

মঙ্গলবার ঘরের মাঠে আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। চলতি মরশুমের আইপিএলের শুরুটা বেশ ভালো করেছিল পাঞ্জাব কিংস। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি প্রীতি জিন্টার দল। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জয় পেলেও দুটি ম্যাচে হারতে হয়েছে তাদের। বর্তমানে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস।
অন্যদিকে, শেষ ম্যাচে ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাবকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। তবে এই ম্যাচটি শুধু কেকেআর বনাম পাঞ্জাব কিংসের লড়াই নয়, এটি প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছেও একটি বিশেষ ম্যাচ।
গত মরশুমে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে ধরে রাখেনি। রিটেন না করে নিলামে ছেড়ে দেওয়া হয়েছিল শ্রেয়সকে এবং তাঁকে নেওয়ার জন্য তেমন আগ্রহও দেখায়নি নাইট শিবির। ফলস্বরূপ, কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর এবার পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। এই পরিস্থিতিতে মঙ্গলবার গোটা পাঞ্জাব শিবির তাকিয়ে থাকবে তাদের অধিনায়কের দিকে। পাশাপাশি, কেকেআরের বোলারদের কাছেও প্রাক্তন অধিনায়ককে দ্রুত সাজঘরে ফেরানো একটি বড় চ্যালেঞ্জ হবে।
পাঞ্জাব দলে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও, নতুন প্রতিভাদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াংশ আর্য। এর আগে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচে তিনি শতরান করেছিলেন। পাশাপাশি, ২০ বছর বয়সী এই ব্যাটার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও ভালো শুরু করেছিলেন। এবার কেকেআরের বিরুদ্ধে তাঁর পরীক্ষা। চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ভালো খেলতে মুখিয়ে থাকবেন প্রিয়াংশ আর্য। এছাড়াও, পাঞ্জাব দলের পেসার অর্শদীপ সিংও ফোকাসে থাকবেন। বর্তমান ভারতীয় দলের অন্যতম সেরা এই পেসার নাইটদের ব্যাটিং লাইনআপের জন্য বড় হুমকি হতে পারেন।
তবে পরিসংখ্যানের বিচারে এই ম্যাচে পিছিয়ে থেকেই খেলতে নামবে পাঞ্জাব কিংস। কারণ এখনও পর্যন্ত দুই দল ৩৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২১ বার জিতেছে কেকেআর এবং মাত্র ১২ বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস।
এক নজরে দেখে নেওয়া যাক কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ:
প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, লকি ফার্গুসন।