মায়ের প্রত্যাবর্তন যেন আবেগ, ‘পুরাতন’ নিয়ে সোহা আলি খানের মিষ্টি বার্তা

এক দশকেরও বেশি সময় পর বাংলা সিনেমায় ফিরলেন শর্মিলা ঠাকুর। ১৪ বছর পর সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’-এর হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর এই জমকালো প্রত্যাবর্তন ইতিমধ্যেই নজর কেড়েছে। মায়ের এই দীর্ঘ বিরতির পর ফিরে আসাকে উদযাপন করছেন মেয়ে সোহা আলি খান। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ বার্তা লিখে মায়ের প্রতি ভালোবাসা ও আনন্দ প্রকাশ করেছেন তিনি।

রবিবার সোহা আলি খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘পুরাতন’-এর শুটিং সেট থেকে মা শর্মিলা ঠাকুরের কিছু ছবি শেয়ার করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘প্রায় দু’ দশক পর বাংলা সিনেমায় মায়ের দুর্দান্ত প্রত্যাবর্তন উদযাপন করছি। কারণ একসময় আমায় কেউ বলেছিলেন, আমাদের কাছে শর্মিলা ঠাকুর কোনও ব্যক্তি নন, তিনি একটি আবেগ’। মায়ের এই ফিরে আসাকে সোহা যে কতটা আন্তরিকভাবে অনুভব করছেন, তা তাঁর এই ছোট্ট অথচ গভীর বার্তাতেই স্পষ্ট।

১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুরাতন’। ছবিতে শর্মিলা ঠাকুরের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তের মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নববর্ষের প্রাক্কালে পরিচালক সুমন ঘোষের এই ছবি যেন বাঙালি দর্শকদের জন্য এক বিশেষ উপহার। ইতিমধ্যেই ছবিটি আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে। ‘পুরাতন’ হিউস্টনের ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এর আগে ওয়াশিংটন ডিসি দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবেও সেরা চলচ্চিত্রের খেতাবের পাশাপাশি শর্মিলা ঠাকুর সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন এই ছবির জন্য।

শুধু সোহাই নন, মায়ের এই নতুন কাজ নিয়ে আবেগতাড়িত হয়েছেন শর্মিলা ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা সাবা আলি খানও। তিনিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মায়ের ছবির রিভিউ শেয়ার করেছেন। সাবা লিখেছেন, ‘চমৎকার, অসাধারণ। সুমন পরিচালিত ছবি ‘পুরাতন’ শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা, ইন্দ্রনীল এবং বৃষ্টির মিশেলে একটি সুন্দর গল্প তৈরি করেছে, যা আপনাকে আবেগতাড়িত করবে এবং মনকে গভীরভাবে নাড়া দেবে’।

শর্মিলা ঠাকুরের দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমায় ফেরা এবং ‘পুরাতন’-এর আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে, বর্ষীয়ান এই অভিনেত্রী আজও তাঁর অভিনয়ের জাদু অক্ষুণ্ণ রেখেছেন। মায়ের এই নতুন যাত্রায় দুই কন্যার ভালোবাসা ও সমর্থন নিঃসন্দেহে তাঁকে আরও উৎসাহিত করবে।