আই লিগ নিয়ে ক্ষোভ, সুপার কাপ বয়কটের পথে চার্চিল ব্রাদার্স

সুপার কাপ শুরু হতে আর মাত্র সাত দিন বাকি। তবে তার আগে সুপার কাপের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। গোয়ার দল চার্চিল ব্রাদার্স ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিয়ে জানিয়েছে যে তারা সুপার কাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। যদিও ফেডারেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

চার্চিল ব্রাদার্সের এই সিদ্ধান্তের প্রধান কারণ হল এআইএফএফের প্রতি তাদের তীব্র ক্ষোভ। আই লিগের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট নিয়ে ফেডারেশনের নীতি এবং সিদ্ধান্তে অসন্তুষ্ট চার্চিল ব্রাদার্স। শুধু চার্চিলই নয়, আই লিগের আরও বেশ কয়েকটি ক্লাব একইরকম ক্ষোভ প্রকাশ করেছে।

আই লিগের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত লিগ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেনি ফেডারেশন। লিগ টেবিলের দিকে তাকালে দেখা যায়, ২২ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স। তাদের ঠিক পরেই রয়েছে উত্তরপ্রদেশের দল ইন্টার কাশী, যাদের সংগ্রহ ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট। স্বাভাবিকভাবে পয়েন্টের হিসেবে চার্চিল ব্রাদার্সেরই চ্যাম্পিয়ন হওয়ার কথা। তবে এখানেই তৈরি হয়েছে জটিলতা।

আই লিগের একটি ম্যাচে ইন্টার কাশী ও নামধারী এফসি মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নামধারী এফসি অবৈধভাবে বিদেশি খেলোয়াড় খেলানোর অভিযোগ ওঠে। যদি সেই ম্যাচের তিন পয়েন্ট ইন্টার কাশী পায়, তাহলে তারাই লিগ চ্যাম্পিয়ন হবে। বর্তমানে বিষয়টি এআইএফএফের আপিল কমিটির কাছে বিচারাধীন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবারের আই লিগের চ্যাম্পিয়ন কে হবে। তবে ইন্টার কাশী হুঁশিয়ারি দিয়েছে, যদি তারা সুবিচার না পায়, তাহলে তারা কোর্ট অফ আরবিট্রেশনে যেতে বাধ্য হবে।

চার্চিল ব্রাদার্সের কর্ণধার আলেমাও চার্চিল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “চার্চিল সুপার কাপ খেলবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এখনও ন্যায়বিচার পাইনি। আমাদের এখনও আই লিগ ট্রফি দেওয়া হয়নি।” শুধু চার্চিলই নয়, আই লিগের অন্যান্য ক্লাব যেমন নামধারী, দিল্লি এফসি, আইজল এফসি, রিয়াল কাশ্মীর এবং শ্রীনিধি ডেকানও ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, বেশ কিছু ম্যাচে ইন্টার কাশীকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সুপার কাপের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ফেডারেশন কীভাবে এই জটিলতা সামাল দেয় এবং ক্লাবগুলোর ক্ষোভ প্রশমন করে, সেটাই দেখার।