বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পরামর্শ কি চিরঞ্জীবীর? মুখ খুললেন তমান্না

অভিনেত্রী তমান্না ভাটিয়া আজকাল প্রায়ই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। সেই গুঞ্জন এখনও পুরোপুরি থামেনি। এরই মধ্যে নতুন কিছু তথ্য সামনে আসছে।
শোনা যাচ্ছে, তামান্নার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী নাকি ব্যক্তিগতভাবে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পরামর্শ দিয়েছিলেন। ‘সাই রা নারসিমা রেড্ডি’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই চিরঞ্জীবী তামান্নার পরিবারের একজন অভিভাবকের মতো হয়ে উঠেছিলেন। এমনও শোনা যাচ্ছে যে, তামান্নার বাবা নাকি শুরু থেকেই বিজয় বর্মার সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না।
তবে ইন্ডাস্ট্রির অন্দরে এমন ফিসফাসও শোনা যাচ্ছে যে, তামান্না ও বিজয় এখনও একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করেন। তাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সমস্ত গুঞ্জনের মাঝেই নিজের মনের একটি গোপন ইচ্ছার কথা সম্প্রতি প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।
সম্প্রতি মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তামান্না জানান, প্রখ্যাত ছবি ‘উমরাও জান’-এর চরিত্রটি তাঁর অত্যন্ত পছন্দের। যদি ভবিষ্যতে এই চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, তাহলে তিনি তা একেবারেই হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন অভিনেত্রী। এই চরিত্রে এর আগে রেখা এবং ঐশ্বর্য রাই বচ্চনের মতো অভিনেত্রীরা অনবদ্য অভিনয় করেছেন। তামান্নাও সেই কালজয়ী চরিত্রে নিজেকে তুলে ধরতে কতটা আগ্রহী, তা তাঁর এই মন্তব্যে স্পষ্ট।
বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক এবং চিরঞ্জীবীর পরামর্শের জল্পনা একদিকে যেমন চলছে, তেমনই তামান্নার ‘উমরাও জান’-এর চরিত্রে অভিনয়ের আগ্রহ তাঁর ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন—উভয় ক্ষেত্রেই তামান্নার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।