OMG! মোবাইল গেমে হেরে গিয়ে খেতে হলো বন্ধুদের জুতো পেটা, হাসপাতালে ভর্তি বালক

বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বাজি ধরেছিল এক বালক। বাজির শর্ত ছিল এই, যে হেরে যাবে তাকে ২০০ বার জুতা পেটা করবে বাকিরা। এই শর্ত মেনেও নিয়েছিল ওই ছেলে। কিন্তু এর পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেই পারেনি সে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, হাতে মোবাইল ফোন পেয়ে নির্জন জায়গায় বন্ধুদের সঙ্গে গেম খেলতে গিয়েছিল একদল নাবালক। গেম খেলার পাশাপাশি একাধিক শর্তও দেয়া হয়েছিল। খেলার ছলেই সেই শর্ত দিয়েছিল তারা। আর তার জেরেই ১২ বছরের ওই বালককে জুতা দিয়ে বেধড়ক মারধর করে বন্ধুরা। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল আরও এক ছেলে।

এই শর্ত কতটা ভয়ানক হতে পারে তা তারা ভাবতেও পারেনি। এদিকে এই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে ওই ছেলে। বাড়ি ফিরতেই তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে এগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। এরপর ওই নাবালকের পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই বাকিদের থানায় ধরে নিয়ে যায় পটাশপুর থানার পুলিশ।