ক্যানসারের সঙ্গে লড়াই জারি, র‍্যাম্পে হাঁটতে গিয়ে হোঁচট খেলেন হিনা খান, সামলে নিলেন আত্মবিশ্বাসে

শনিবার মুম্বই শহরে বসেছিল এক ঝাঁ চকচকে ফ্যাশন শোয়ের আসর। যেখানে মডেলদের পাশাপাশি টলিউড ও বলিউডের বহু তারকাও র‍্যাম্পে হেঁটেছেন। সকলের নজর কাড়লেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসারের কঠিন চিকিৎসার মধ্যে থেকেও ফের র‍্যাম্পে হেঁটে সকলের কুর্নিশ আদায় করে নিলেন এই লড়াকু অভিনেত্রী।

কিছুদিন আগেই স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হয়েছিলেন হিনা। কেমোথেরাপির মতো কঠিন treatment চলাকালীনও তিনি কাজ থেকে দূরে থাকেননি। সেই অবস্থাতেই একাধিক ফোটোশুট করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁর এই লড়াকু মনোভাব এবং কাজের প্রতি অদম্য ইচ্ছাশক্তি মারণরোগকেও যেন হার মানিয়েছে। ইতিমধ্যেই তাঁর কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং তিনি এখন নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছেন।

এদিনের ফ্যাশন মঞ্চে হিনা খানকে দেখা গেল রাজস্থানী পোশাকে। তবে তাঁর পরনের লম্বা স্কার্টটির ঝুল এতটাই বেশি ছিল যে, র‍্যাম্পে হাঁটতে গিয়ে দুবার তাঁর পায়ে সেটি জড়িয়ে যায়। হোঁচট খান তারকা। কিন্তু এতকিছুর পরেও তিনি অসাধারণ দক্ষতায় সামলে নেন এবং দু-চোখ ভরা আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান।

কাজের প্রতি তাঁর এই একাগ্রতা এবং মারণরোগের সঙ্গে লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন উপস্থিত দর্শক ও তাঁর অনুরাগীরা। শারীরিক দুর্বলতা সত্ত্বেও হিনা খানের এই মনোবল অনেক মানুষের কাছে অনুপ্রেরণা। র‍্যাম্পে সামান্য হোঁচট খাওয়া সত্ত্বেও তাঁর মুখের হাসি অমলিন ছিল, যা প্রমাণ করে কঠিন পরিস্থিতিতেও তিনি কতটা দৃঢ়চেতা।